ধর্মঘটে বিবিসির সাংবাদিকেরা
অবসর-ভাতার বিষয়ে কর্তৃপক্ষের নেওয়া পরিকল্পনা বাতিলের দাবিতে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনে কর্মরত সাংবাদিকেরা আজ শুক্রবার থেকে দুই দিনের ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের কারণে কর্তৃপক্ষ আজ ও আগামীকাল শনিবারের রেডিও এবং টেলিভিশনের নির্ধারিত সংবাদ ও অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। বিবিসির সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টসের নেতা জেরেমি ডিয়ার জানান, সংগঠনের সদস্যরা কর্তৃপক্ষের পেনশন-ভাতা কেটে নেওয়ার পরিকল্পনাকে ‘পেনশন ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। নভেম্বরের শেষে ও ডিসেম্বরে সংগঠনের পক্ষ থেকে আরও কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি। তবে এ পরিকল্পনাকে ন্যায্য বলে অভিহিত করেছেন বিবিসির মহাপরিচালক মার্ক থম্পসন। তিনি জানান, বিভিন্ন কর্মচারী এবং ইউনিয়নের সদস্যদের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনাটি নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত জুনে পেনশন-সংকট সামাল দিতে মার্ক থম্পসন পেনশন-ভাতার ৭০ শতাংশ কেটে নেওয়ার পরিকল্পনা নেয়। সাংবাদিকেরা তা প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছে। এপি/দি টেলিগ্রাফ