ধর্মঘটে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের বিমান পরিবহন সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুদের প্রতিনিধিত্বকারী সংগঠন জানিয়েছে, তারা ২০ মার্চ থেকে তিন দিন এবং ২৭ মার্চ থেকে চার দিনের জন্য ধর্মঘটে যাবে। তারা আরও জানিয়েছে, দাবি-দাওয়া পূরণ না হলে আগামী ১৪ এপ্রিল থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত নভেম্বর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু ও অন্য কর্মীরা বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ ও কেবিন ক্রুদের সংগঠনের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ায় কেবিন ক্রুরা নতুন করে ধর্মঘটের তারিখ ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ কর্মীদের দাবি-দাওয়াসংক্রান্ত ব্যাপারে নতুন করে প্রস্তাব দেয়, কিন্তু কেবিন ক্রুদের সংগঠন এ প্রস্তাব মেনে না নিলে নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়। কেবিন ক্রুদের সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে এর আগে জানিয়েছিলেন, ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের নতুন প্রস্তাবের ব্যাপারে গোপন ভোটে সংগঠনের সব সদস্যের মতামত নেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান উইলি ওয়ালশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, কর্মীদের যে নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল, তাঁরা তা মেনে না নেওয়ায় সেই প্রস্তাবের এখন আর কোনো অস্তিত্ব নেই। প্রস্তাবটি দেওয়াই হয়েছিল শর্ত সাপেক্ষে। এর মূল শর্তই ছিল কর্মীরা সব ধরনের ধর্মঘট কিংবা কর্মবিরতি থেকে বিরত থাকবেন। কেবিন ক্রুদের সংগঠনের সাধারণ সম্পাদক লেন ম্যাককুলেসকি বলেন, ‘শর্ত দিয়ে বন্দী কোনো প্রস্তাব মানা আমাদের পক্ষে সম্ভব নয়।’ এদিকে এই ধর্মঘটের ফলে ফ্লাইট পরিচালনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে নানা রকম কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তারা ইতিমধ্যেই প্রায় হাজারখানেক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছে। তাঁরা ধর্মঘটের সময় অন্তর্বর্তীকালীন কেবিন ক্রু হিসেবে কাজ করবেন। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ কেবিন ক্রুদের পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, তাঁরা যদি ধর্মঘটে যান, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত নভেম্বরে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ সংকোচন কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো থেকে কেবিন ক্রুদের সংখ্যা কমিয়ে দেয়। বৈশ্বিক মন্দার পরিস্থিতিতে বিমান পরিবহন ব্যবসায় ধস নামার কারণে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার মতো ব্রিটিশ এয়ারওয়েজকেও ব্যাপক লোকসান গুনতে হয়। সে কারণেই মূলত তারা কর্মীসংখ্যা কমানোর কর্মসূচি হাতে নেয়। এ কর্মসূচির অংশ হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ নতুন নিয়োগপ্রাপ্ত কেবিন ক্রুদের জন্য একটি প্যাকেজ প্রস্তাব দেয়। এ প্রস্তাবে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়। তবে যে ব্যাপারটি কর্মীদের একেবারেই মনঃপূত হয়নি, তা হলো—প্রস্তাবে একটি বেতন স্কেলে চাকরির কথা বলা হয়। কোনো প্রকার পদোন্নতি না থাকার কথাও এতে উল্লেখ ছিল। বেতন বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয় সেখানে।ব্রিটিশ এয়ারওয়েজ গত দুই বছর বিপুল লোকসান দিয়ে চলেছে।