ধর্মনিরপেক্ষ উপমহাদেশ গড়ার দাবি সমাবেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকায় চলমান শাহবাগ আন্দোলনের পক্ষে গতকাল শনিবার বিকেলে কলকাতার কলেজ স্কয়ারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলকাতার ‘শান্তি, গণতন্ত্র ও সংহতি মঞ্চ’-এর আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলকাতার বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যোগ দেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ধর্মনিরপেক্ষ উপমহাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। পাশাপাশি একাত্তরের স্বাধীনতাবিরোধীদের যথাযথ শাস্তির দাবি জানানো হয়। বলা হয়, ‘মৌলবাদের বিরুদ্ধে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে, তা এখন ছড়িয়ে দিতে হবে এই উপমহাদেশের দেশে দেশে। আমরা চাই এই উপমহাদেশ হয়ে উঠুক ধর্মনিরপেক্ষ এক উপমহাদেশ হিসেবে।’সমাবেশে শাহবাগের সমর্থনে আবৃত্তি করেন কবি মন্দাক্রান্ত সেন, পাপড়ি গঙ্গোপাধ্যায়, সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ও সুবোধ প্রসাদ নন্দী।আলোচনায় অংশ নেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিক্রমজিত্ ভট্টাচার্য, এসএফআইর সাধারণ সম্পাদক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সমাবেশে শাহবাগ আন্দোলনের নেতা ইমরান এইচ সরকার, বাপ্পাদিত্য বসু ও ফারুক ওয়াসিফের ভাষণ টেলিফোনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।