ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যেখানে ধর্ম-গোত্র-নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ সমান অধিকারসহ মুক্ত জীবন ভোগ করবেন।গতকাল বুধবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে অসাধারণ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লে¬াবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। হাউস অব কমনসের ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে পুরস্কার তুলে দেন ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকাউ এমপি।পুরস্কার প্রদানকালে বারকাউ বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকারসহ আঞ্চলিক ও বিশ্বশান্তি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কার্যকর ও দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করছেন। নিজ দেশের জনগণের জীবনমান এবং সারা বিশ্বের আর্তমানবতার উন্নয়নে বিচক্ষণতার পরিচয় দেওয়ায় শেখ হাসিনা আন্তর্জাতিক এ পুরস্কারপ্রাপ্তির দাবি রাখেন বলেও মন্তব্য করেন তিনি।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, শেখ রেহানা, বাংলাদেশি বংশোদ্ভূত রুশানারা আলীসহ কয়েকজন ব্রিটিশ এমপি, অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান, প্রবাসী বাংলাদেশিদের একটি দল এবং ইউরোপ ও ইউকে শাখা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তাঁর যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটান। সকালে এখানে পৌঁছে তিনি ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক কেগ, আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যালান ডুনকান, পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক মন্ত্রী উইলিয়াম হেগ এবং স্বরাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী হেরেসা মের সঙ্গে সাক্ষাত্ করেন।শেখ হাসিনা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গেও সাক্ষাত্ করেন। এ ছাড়া তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অব বাংলাদেশের (এপিপিজিবি) নেতাদের সঙ্গে আলোচনা করেন। বাসস