ধর্মনিরপেক্ষতার নামে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত মহাসচিব এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতার নামে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। সরকার ধর্মহীন শিক্ষা চালু করতে চায়। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না। এসব ষড়যন্ত্র যত দিন চলবে, জনগণের দুর্ভোগ তত বাড়তেই থাকবে। এ সরকার একদিন ক্ষমতায় থাকলে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই সরকারকে হটাতে কঠোর আন্দোলন করতে হবে।আজ বুধবার বিকেলে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে আজহারুল ইসলাম এ কথা বলেন। পল্টনে ঢাকা মহানগর জামায়াতের প্রধান কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এ ছাড়াও তিন দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত। ৫ ডিসেম্বর উপজেলায়, ৭ ডিসেম্বর জেলায় এবং ৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া, ধর্মহীন শিক্ষা চালু, ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়া, গ্রেপ্তার হওয়া শীর্ষ ৫ নেতার মুক্তিসহ বিএনপির ডাকা হরতালে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ১৪ থেকে ১৬ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করবে দলটি।