ধর্মভিত্তিক কয়েকটি দল কাল দেশব্যাপী হরতাল ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং পরদিন সোমবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে কয়েকটি ধর্মভিত্তিক দল। গতকাল বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে জামেয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ এ ঘোষণা দেন।‘ব্লগে আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য এবং ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এ সময় ইসলামী ঐক্যজোটের নেতা আবদুল করিম, খেলাফত আন্দোলনের হাবিবুল্লাহ মিয়াজী, মুজিবুর রহমান হামিদী, খেলাফতে ইসলামীর ইয়াকুব গাজী, গণসেবা আন্দোলনের ইমরান হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আহমাদুল্লাহ আশরাফ বলেন, ইসলামি দলগুলোর বিক্ষোভ সমাবেশ রাজনৈতিক বা ক্ষমতাসীনদের উৎখাতের কর্মসূচি ছিল না। এটা ছিল আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মকে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। কিন্তু পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলা প্রমাণ করেছে, বর্তমান সরকার নাস্তিক ব্লগারদের পক্ষাবলম্বন করেছে। তিনি বলেন, ‘সরকার শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করতে না দিয়ে গুলি, কাঁদানে গ্যাস, হত্যা-গ্রেপ্তারের মাধ্যমে আমাদের বাধ্য করেছে এ হরতাল কর্মসূচি দিতে।’ তিনি খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খানসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান।ইসলামী আন্দোলন: এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে অন্তত ২০ জনকে আহত করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে সরকার নাস্তিকদের উৎসাহিত করেছে। জুমার নামাজের পর পুরানা পল্টনের গলি থেকে ইসলামী আন্দোলন মিছিল বের করার আগমুহূর্তে পুলিশের গুলিতে দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম আহত হন।২৫ ফেব্রুয়ারি উলামা সম্মেলন থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জানান।ইসলামী ঐক্যজোট: ইসলামী ঐক্যজোটের এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান জালিম সরকার ইমানি সমাবেশে হামলা করে নাস্তিক-মুরতাদদের রক্ষা করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা একদিকে পুলিশি পাহারায় শাহবাগে মঞ্চ নির্মাণ করে দেশে উত্তেজনা সৃষ্টি করছে, আরেকদিকে ইসলামপ্রিয় জনগণ যখন মসজিদ থেকে শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করেছে, তখন পুলিশ লেলিয়ে দিয়েছে।’ বিবৃতিতে অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল, চানখাঁরপুল মোড়, গুলিস্তানে গোলাপ শাহ মাজার, বঙ্গবাজার, মিরপুরসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মুসল্লিদের মারধর করে মারাত্মকভাবে আহত করেছে। এসব হামলার নিন্দা জানিয়েছে দলটি। নেজামে ইসলাম পার্টি: নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকিব ও মহাসচিব আবদুল লতিফ নেজামী ইসলাম এক বিবৃতিতে অভিযোগ করেন, আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের অনুশাসন সম্পর্কে ধর্মবিদ্বেষী ব্লগারদের অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামি দলগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশ, র‌্যব ও দলীয় মাস্তান বাহিনী হামলা করে এক নজিরবিহীন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাঁরা এ হামলার নিন্দা জানান।