ধর্মভিত্তিক দলগুলো আজ বিক্ষোভ মিছিল করবে
রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদ থেকে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’ নামের সদ্যগঠিত ধর্মভিত্তিক জোট। তারা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলামের অনুশাসনের কথিত অবমাননাকারী ব্লগারদের শাস্তির দাবি এবং জুমার দিনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট বন্ধ রাখার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ইবাদতের স্থান মসজিদের সিঁড়ি ‘রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না দিতে’ গত সপ্তাহে জুমার দিনে জাতীয় মসজিদের উত্তর গেট বন্ধ রাখার ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন। বিএনপি ও ধর্মভিত্তিক কয়েকটি দল এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।‘ইমান ও দেশ রক্ষা আন্দোলন’-এর সদস্য মাওলানা মাহফুজুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটেই বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছেন। উত্তর গেটে না পারলে আশপাশের কোথাও হলেও সমাবেশ করবেন।অতিসম্প্রতি গঠিত ধর্মভিত্তিক এ জোটে রয়েছে ধর্মভিত্তিক নয়টি দল এবং ঢাকা ও আশপাশের ১১টি কওমি মাদ্রাসার আলেমরা। এর মধ্যে আছে ইসলামী ঐক্যজোট, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিস ও নেজামে ইসলাম পার্টি। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ভারপ্রাপ্ত আমির নূর হোসাইন কাসেমী এর আহ্বায়ক। যোগাযোগ করলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও খেলাফতে আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম জানান, ঢাকায় তাঁরা জুমার নামাজের পর বিক্ষোভ করবেন। তবে কোন জায়গায় জড়ো হবেন, তা নির্দিষ্ট করে বলেননি।ওলামা দলের দোয়ার আহ্বান: এদিকে মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ এবং হরতালসহ রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে গত কয়েক দিনের সহিংসতার সময় নিহত ব্যক্তিদের জন্য দোয়া করতে সব মসজিদের ইমাম ও মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয়তাবাদী ওলামা দল। দলটির এক বিবৃতিতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।