ধর্মভিত্তিক দলগুলো এক হয়ে সিদ্ধান্ত নিতে চায়
রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সাম্প্রদায়িক সমিতি অথবা ধর্মীয় নামযুক্ত বা ধর্মভিত্তিক কোনো সংঘ করা যাবে না—সুপ্রিম কোর্টের এমন রায়ের পর ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা একজোট হয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করতে চাইছে। তারা আপাতত রায় বিশ্লেষণ করছে। সরকার এ রায় কীভাবে কার্যকর করছে, তা দেখে কৌশল নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।এই ধারার বড় দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে অন্য ধর্মভিত্তিক দলগুলো এই পরিস্থিতিতে একজোট হয়ে কিছু করার কথা ভাবছে। দলগুলো তাদের অনুসারী আইনজ্ঞদের আদালতের রায় বিশ্লেষণ করতে বলেছে। তবে ইসলামী আন্দোলন এককভাবেই আজ শুক্রবার বেলা তিনটায় মুক্তাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।জামায়াতসহ বেশ কয়েকটি দলের নেতারা বলছেন, ধর্মভিত্তিক দলের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে প্রয়োজনে অন্য নাম নিয়ে হলেও দল ঠিক রাখবেন তাঁরা।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে যতক্ষণ চালানো যায়, ততক্ষণ এ নামেই চলবে। যখন অন্য কিছু ঘটবে, তখন পরিস্থিতি বলে দেবে, কী করতে হবে।’জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, গত বুধবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।জামায়াতের এক নেতা বলেছেন, মুক্তিযুদ্ধের পর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও তাদের তৎপরতা কখনো বন্ধ ছিল না। কিশোরগঞ্জের মাওলানা জাব্বার নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে কিছুদিন জামায়াতের কাজ চলে। সে সময় ইসলামি জলসা, তাফসির মাহফিলের মাধ্যমে জামায়াত কাজ করেছে।একই ধরনের কথা বলেছেন ধর্মভিত্তিক অন্য বেশ কয়েকটি দলের নেতারা।করণীয় নির্ধারণে বৈঠক: ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও গতকাল নিজেদের মধ্যে বৈঠক করেছেন। তাঁদের সবাই অন্য দল, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, ‘আদালতের রায় আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে রায়ের বিভিন্ন দিক আছে। সরকার কী উদ্যোগ নেয়, তা দেখতে হবে।’ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আশরাফ আলী বলেন, ‘আমরা রায়ের কপি জোগাড় করেছি। আজ (গতকাল) কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে অভিজ্ঞ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা এবং সরকার কী করে, সেটা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে।’নিজেদের বৈঠক শেষে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান বলেন, ‘আমরা সব দলকে নিয়ে রায়ের বিরুদ্ধে আন্দোলন করতে চাই।’আইনজীবীদের দায়িত্ব দিয়েছে জামায়াত: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রায় পর্যালোচনার জন্য আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনগত বিষয় খতিয়ে দেখে দলের বৈঠকে জামায়াত করণীয় নির্ধারণ করবে। তিনি আরও বলেন, এসব জটিল বিষয়ে কোনো দলের অগ্রিম প্রস্তুতি থাকে না।সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান জানিয়েছেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রাজ্জাক এ কাজের সমন্বয় করছেন।বিসমিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসের বিষয়টি নিয়ে প্রচার চালাবে জামায়াত: জামায়াতের সূত্র জানিয়েছে, আদালতের রায়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ কম বলে দলের নেতারা মনে করছেন। তবে জামায়াত প্রচার চালাবে, সরকার সংবিধান থেকে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিতে চায়। এভাবে সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অবশ্য আপিল বিভাগের রায়ে এ বিষয়ে কিছুই বলা হয়নি।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ্ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, ‘যে রায় হয়েছে, তা স্বাভাবিকভাবেই উদ্বেগজনক। আমাদের জন্য খুবই নেতিবাচক রায় হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা-বিশ্বাস থাকবে না—এটা মেনে নেওয়া কঠিন। তবে আমরা সার্বিকভাবে প্রতিক্রিয়া জানাব।’ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে যোগাযোগ: সৈয়দ আবদুল্লাহ্ মোহাম্মদ তাহের বলেন, ‘এখন ধর্মভিত্তিক সব দলের অনুভূতি এক। দলগুলোর মধ্যে কর্মপদ্ধতির বিষয়ে যতই মতপার্থক্য থাকুক, এখন আর সেসব থাকবে না। আমরা মনে করি, এখন সবাই একমঞ্চে দাঁড়াবে। বিচ্ছিন্নভাবে সবার সঙ্গে কথাবার্তা চলছে।’ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধিদল গতকাল ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, মুসলিম লীগ, পিডিপি, ইসলামী ঐক্য আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি, পিডিপি, প্রভৃতি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একসঙ্গে আন্দোলন করার প্রস্তাব দিয়েছে। ইসলামী আন্দোলন এককভাবেই আজ শুক্রবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে।বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে বলেন, ‘তারা (ইসলামী আন্দোলন) চায় সবাইকে নিয়ে এর বিরুদ্ধে (আপিল বিভাগের রায়) আন্দোলন গড়ে তুলতে। আমরা সব শুনলাম, বললাম, আগামীকাল (আজ) আমাদের মজলিসে শুরার বৈঠক আছে। সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেব।’খেলাফত মজলিসের আরেক অংশের মহাসচিব মাওলানা আবদুর রব ইউসূফী বলেন, ‘আমরা অবশ্যই আন্দোলনে যাব। তবে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা দরকার। সরকার কী করছে, তা দেখতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো দল নিষিদ্ধ হবে না। আবার মন্ত্রীরা বলছেন অন্য কথা। এখন সরকার সংবিধান সংশোধনে একটি কমিটি গঠন করেছে। তারা কী করে, সেটাই এখন মূল বিষয়।’মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বসতে চাই। এ জন্য আগে থেকে কিছু কাজ করে নিতে হবে।’ এ বিষয়েই তিনি ইসলামী আন্দোলনের নেতাদের পরামর্শ দিয়েছেন।লাভবান হবে বিএনপি: ধর্মভিত্তিক দলের নেতারা বলছেন, দেশে তাঁদের রাজনীতি নিষিদ্ধ হলে শেষ পর্যন্ত এর সুফল ঘরে তুলবে বিএনপি। কারণ, সে ক্ষেত্রে এসব দলের কর্মী-সমর্থকেরা বিএনপিকেই সমর্থন দেবেন। তাঁরা আশা করছেন, সরকার বিষয়টি নিশ্চয়ই ভাববে।জামায়াতের একটি সূত্র জানিয়েছে, দলের সাংসদ হামিদুর রহমান আযাদ বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দলের একজন জ্যেষ্ঠ সাংসদের সঙ্গে কথাও বলেছেন। আযাদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।