ধর্মভিত্তিক দলগুলোর দাবির প্রতি বিএনপির নৈতিক সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত ‘নাস্তিক’ ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোর দাবির প্রতি সম্পূর্ণ নৈতিক সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থনের কথা জানান। আজকের সকাল-সন্ধ্যা হরতাল শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে মির্জা ফখরুল বলেন, ‘কিছু পথভ্রষ্ট কিছু ব্লগার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিকে অশালীন ও কুরুচিপূর্ণ পন্থায় আঘাত করছে, যা কাম্য নয়। এটিকে তিনি ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে দেশের আলেম, ওলামা, পীর মাশায়েখরা উদ্বেগ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা তাঁদের এই ন্যায়সংগত দাবির প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।’ব্লগার গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে, তারাই প্রধান অভিযুক্ত ব্লগার কি না, উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাঁরা সঠিক জানেন না। ফখরুল দাবি করেন, বিএনপি কখনো ধর্মীয় স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করতে চায় না। কিন্তু সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে একটি সংকটের পরিস্থিতি সৃষ্টি করেছে।সারা দেশে আজকের হরতালে দুজন নিহত, ২০৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার, ৩৮২ জন আহত হয়েছেন এবং পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, সরকার মামলা হামলার মাধ্যমে বিরোধী দলের আন্দোলন বন্ধ করতে চায়। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয়। মামলা, গুম, খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না। বিরোধী জোটের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।