সম্পদে নারীকে সমানাধিকার দিয়ে নারী উন্নয়ন নীতিমালা অনুমোদনের প্রতিবাদে ৪ এপ্রিল হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট। ধর্মভিত্তিক আরও কয়েকটি সংগঠনও সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। দলগুলোর দাবি, কোরআনের বিধান অনুযায়ী, সম্পত্তিতে একজন নারী পাবে পুরুষের অর্ধেক। এখন সরকার যদি নারীকে সমানাধিকার দেয়, তাহলে সেটা সরাসরি কোরআনের বিরোধিতা করা হয়।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এই হরতালের ডাক দেন। এ ছাড়া দলটি আজ বুধবার সকাল নয়টায় হাইকোর্টের সামনে মানববন্ধন ও ১১ মার্চ শুক্রবার দেশব্যাপী দোয়া ও প্রতিবাদ দিবস এবং বাদ জুমা মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে। খেলাফত মজলিসের সমাবেশ: ইসলামী ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পরপর একই স্থানে সমাবেশ করে খেলাফত মজলিসের একাংশ। সমাবেশে বক্তারা সম্পদে নারীর সমানাধিকারের নীতি বাতিল না করলে সরকারকে উৎখাতের হুমকি দেন।দলের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসূফী এ সময় বলেন, ‘বর্তমান সরকার কোরআন, আল্লাহ-রসুলকে চ্যালেঞ্জ করেছে। আমরা আল্লাহ-রসুলের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহর বিধান হচ্ছে, নারী পাবে পুরুষের অর্ধেক। এটাই যৌক্তিক। সরকার এই বিধান বদলাতে চাইলে প্রয়োজনে আমরা হরতাল দেব, অবরোধ করব। আমরা আওয়ামী লীগকে এ দেশের ক্ষমতা থেকে বিতাড়িত করব।’সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ: একই সময়ে একই স্থানে বিক্ষোভ ও সমাবেশ করে ধর্মভিত্তিক কয়েকটি দলের মোর্চা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। সংগঠনটির সভাপতি মাওলানা মুহিউদ্দীন খানআগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন মুহিউদ্দীন খান। একই সঙ্গে তিনি ধর্মভিত্তিক সব দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা বলেন। একই বিষয়ে গতকাল মুক্তাঙ্গনে সমাবেশ করেছে খেলাফত আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলনও এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।জামায়াতের বিবৃতি: এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, এ দেশের আলেমসমাজ ও তৌহিদি জনতা সরকারের এই নারীনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।