দু-এক দিনের মধ্যে খসড়া চূড়ান্ত হবে: শিক্ষামন্ত্রী
ধর্মভিত্তিক দলের আপত্তি আটকে আছে শিক্ষানীতি
২০০৯ সালের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নে কমিটি করা হয়েছিল। গত বছরের ২ সেপ্টেম্বর খসড়া শিক্ষানীতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। কথা ছিল প্রথমে ৩০ সেপ্টেম্বর, পরে ১৫ নভেম্বরের মধ্যে এর ওপর শিক্ষাসংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া হবে। এরপর আর এগোয়নি। ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির কারণে বিষয়টি মূলত আটকে আছে। খসড়া শিক্ষানীতি হাতে পাওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে এর বাস্তবায়ন শুরু হবে। কিন্তু তিন মাস পার হলেও মন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দূরে থাক, খসড়া নীতিটিও চূড়ান্ত করা যায়নি। মন্ত্রণালয় পর্যায়ে এটি চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভা ও আইন মন্ত্রণালয় হয়ে এটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে।জানা যায়, জুন মাসে সংসদের বাজেট অধিবেশনে শিক্ষানীতি উত্থাপনের সম্ভাবনা নেই। পরবর্তী অধিবেশনে এটা উত্থাপনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে এর বাস্তবায়ন চলতি বছরের শেষ নাগাদ বা ২০১১ সালে শুরু হতে পারে। শিক্ষানীতিটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে নয় বছর, মোট খরচ ধরা হয়েছে ৬৮ হাজার কোটি টাকা।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘খসড়া শিক্ষানীতিটি চূড়ান্ত করার পর্যায়ে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ কিছু সুপারিশ পাঠান। এটা পেয়ে আমরা খুশি হয়েছি এবং তাঁকে ধন্যবাদ জানিয়েছি। শিক্ষক হিসেবে তিনি একটি বড় কাজ করেছেন।’ সুপারিশগুলো বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।সূত্রমতে, শিক্ষানীতির প্রণয়ন-প্রক্রিয়া যেভাবে দ্রুততার সঙ্গে এগোচ্ছিল তাতে ভাটা পড়ার মূল কারণ এর বিরোধিতা। খসড়া শিক্ষানীতি প্রকাশিত হওয়ার পর ধর্মভিত্তিক দলগুলো এটা প্রত্যাখ্যান করে। এ ছাড়া এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি শিক্ষানীতি বিষয়ে মতামত জানায়।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষানীতিটি মন্ত্রণালয় পর্যায়ে চূড়ান্ত করতে কিছুটা বেশি সময় নেওয়া হয়েছে, এটা ঠিক। তবে এর মূল কারণ বিভিন্ন পর্যায়ের মতামত নিয়ে এটিকে জাতীয় চরিত্র দেওয়া। তিনি বলেন, আগামী দু-এক দিনের মধ্যে মন্ত্রণালয় পর্যায়ে শিক্ষানীতির খসড়া চূড়ান্ত হবে। এরপর সারসংক্ষেপ চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। মন্ত্রিসভার বৈঠকে খুব শিগগির নীতিটি উপস্থাপন করা হবে।আপত্তি: খসড়া প্রকাশের পর ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে মূল আপত্তি ছিল শিক্ষানীতিতে উল্লিখিত ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ নিয়ে। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কমানোর অভিযোগও ছিল তাদের। এ ছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষাকে উপেক্ষা করা এবং কওমি মাদ্রাসার বিষয়ে কোনো ধরনের বক্তব্য না থাকার প্রসঙ্গও বিশেষভাবে আলোচনায় আসে। এমাজউদ্দীনের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটির সুপারিশেও এসব বিষয় গুরুত্ব পেয়েছে।ওই কমিটির সদস্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা যায়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী তাঁদের সুপারিশ মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সব ক্লাসে ধর্ম শিক্ষা ছিল। সেটা যাতে বাধ্যতামূলকভাবে থাকে এবং ঐচ্ছিক না হয় সেই সুপারিশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে, কারণ মাদ্রাসায় পড়বে আর কোরআন শিখবে না—তা হতে পারে না। তা ছাড়া যেটুকু ইসলাম ধর্ম শিক্ষায় রাখা হয়েছে, তাতে ধর্মের বিধিবিধান তথা নামাজ, রোজা, অজু প্রভৃতি সম্পর্কে জানার সুযোগ নেই।ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: প্রস্তাবিত শিক্ষানীতির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে ধর্মনিরপেক্ষতা কথাটি উল্লেখ করায় ধর্মভিত্তিক দলসহ চারদলীয় জোটের মতাদর্শের অনুসারীরা প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে এমাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশে বলা হয়, শিক্ষাকে ধর্মনিরপেক্ষ করার কথা সংবিধানের কোথাও বলা হয়নি। তাই জাতীয় শিক্ষানীতিতে এই শব্দটির প্রয়োগ অনাকাঙ্ক্ষিত।মাদ্রাসা শিক্ষার সংস্কার: শিক্ষানীতি অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ড শুধু ধর্মীয় শিক্ষার মূল্যায়ন করবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় মূল্যায়ন করবে সাধারণ শিক্ষা বোর্ড।এ প্রসঙ্গে এমাজউদ্দীন আহমদের সুপারিশে বলা হয়েছে, বর্তমানে মাদ্রাসা শিক্ষায় নিচের শ্রেণীতে সাধারণ বিষয় বেশি এবং ওপরের শ্রেণীতে ইসলামি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত শিক্ষানীতিতে ওপরের দিকে ইসলামি বিষয় কমিয়ে আনায় মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য ব্যাহত হবে।শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে সুপারিশগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে একটি মহল শিক্ষানীতির সঙ্গে ইসলামের বিরোধ তৈরির অপচেষ্টা করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এই শিক্ষানীতি বাস্তবায়ন হলে ইসলাম থাকবে না, ধ্বংস হয়ে যাবে—এমন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় কেউ কেউ লিপ্ত। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষের ধর্মীয় মত ও মর্যাদা পুরোপুরি রক্ষা করেই শিক্ষানীতি প্রণয়ন হচ্ছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধর্মের কথা যাঁরা বলছেন, তাঁদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই।উপেক্ষিত কওমি ও ইংরেজি মাধ্যম শিক্ষা: প্রতিবেদনে কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি। অথচ দাখিল ও কওমি মাদ্রাসায় প্রায় সমানসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে।মাধ্যমিক স্তরের তিন ধারা অর্থাৎ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারায় বাংলা, ইংরেজি, গণিতসহ ছয়টি মৌলিক বিষয়ে অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক করার সুপারিশ করছে শিক্ষানীতি প্রণয়ন কমিটি। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়টিকে স্বাগত জানালেও ‘ও’ এবং ‘এ’ লেভেলের বেলায় ছাড় দেওয়ায় সমালোচনা হচ্ছে।স্বাধীনতার পর প্রণীত আটটি শিক্ষানীতির একটিও বাস্তবায়িত হয়নি। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নবমবারের মতো প্রণীত প্রতিবেদন ঘিরে রয়েছে স্বাভাবিক সংশয়। তবে শিক্ষানীতি প্রণয়নসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এর সুষ্ঠু বাস্তবায়ন হলে সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলার অবসান ঘটবে।একদিকে নীতি প্রণয়ন, অন্যদিকে সিদ্ধান্ত বাস্তবায়ন: একদিকে শিক্ষানীতি প্রণয়নের চেষ্টা চলছে, অন্যদিকে শিক্ষায় বড় ধরনের সংস্কার চলছে সরকারের নির্বাহী সিদ্ধান্ত বা দাতাদের পরামর্শে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা নিয়েছে, এ বছর থেকে নেওয়া হবে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এসএসসিতে সৃজনশীল পরীক্ষা ও বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা বাস্তবায়নের চেষ্টা চলছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে মূল্যায়ন পরীক্ষা রয়েছে।শিক্ষাসংশ্লিষ্ট মহল বলছে, শিক্ষানীতি বাস্তবায়ন শুরুর অর্থ শিক্ষাব্যবস্থার স্তর ওলটপালট হওয়া। কমিটির সুপারিশ অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা থাকবে না, প্রাথমিক শিক্ষার পরিধি হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু থাকা প্রায় ৮০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী চালু করতে অবকাঠামো খাতেই খরচ হবে ৩০ হাজার ৯০০ কোটি টাকা। এ ছাড়া মাধ্যমিক শিক্ষার পুনর্বিন্যাস হবে। শিক্ষার বিভিন্ন স্তরে, পাঠ্যবই ও পরীক্ষায় পরিবর্তন আসবে।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েই শিক্ষার সব সংস্কার হচ্ছে। তবে শিক্ষানীতির বাস্তবায়ন শুরু হলে সবকিছু একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘৬৮ হাজার কোটি টাকা লাগবে বলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? এভাবে শিক্ষানীতি ছাড়া ৪০ বছর তো চলেই গেল। এটা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু না করলে শেষ হবে না কোনো দিন।’