ধর্মভিত্তিক দলের হরতালের পরিকল্পনা নেপথ্যে বিএনপি
চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে ধর্মীয় নানা ইস্যুতে হরতাল দেওয়ার পরিকল্পনা করছে চারদলীয় জোটের শরিক ধর্মভিত্তিক দলগুলো। এ নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন দলগুলোর নেতারা। খালেদা জিয়া তাঁদের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে শরিক দলের নেতারা প্রথম আলোকে জানিয়েছেন।বর্তমান সরকারের আমলে প্রায় দুই বছর চুপচাপ থাকার পর সাম্প্রতিক সময় বিভিন্ন বিষয়ে রাজপথের আন্দোলনে নামতে চাইছে চারদলীয় জোটের শরিকেরা। তারা প্রস্তাবিত শিক্ষানীতি, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধন ও ধর্মভিত্তিক রাজনীতি থাকা না-থাকা বিষয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছিল। সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলনে মার্কিন প্রতিনিধিদলের সাংস্কৃতিক পরিবেশনাকে ইস্যু করেও দলগুলো রাজপথে নামতে চাইছে। এরই মধ্যে জোটের শরিক কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি হরতাল করার ঘোষণা দিয়েছে।জোটের শরিক দলগুলোর সূত্র জানায়, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এই তৎপরতার পেছনে বিএনপির সমর্থন আছে। গত ৩০ নভেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও মহাসচিব আবদুল লতিফ নেজামী। বৈঠকে ধর্মীয় বিভিন্ন ইস্যুতে হরতাল দেওয়া যায় কি না, তা নিয়ে খালেদা জিয়ার পরামর্শ চান মুফতি আমিনী। ইতিবাচক সাড়া পেয়ে গত বৃহস্পতিবার মুফতি আমিনী সংবাদ সম্মেলন করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মো. আফজালকে এক সপ্তাহের মধ্যে অপসারণের দাবি জানান। দাবি মানা না হলে হরতালের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।জানতে চাইলে মুফতি আমিনী দাবি করেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়নি। তবে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীর কথা হয়েছে। বিএনপির চেয়ারপারসন কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাডাম বলেছেন, হরতাল দিলে তিনি সমর্থন দেবেন।’মাওলানা নেজামীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মুফতি আমিনী দাবি আদায়ে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে সরকার পদক্ষেপ না নিলে আমরা হরতালের কথা চিন্তাভাবনা করব। ...ম্যাডাম বলেছেন, আমাদের কর্মসূচিতে সমর্থন দেবেন, তাঁরাও কর্মসূচি দেবেন।’এদিকে ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠকের পরদিন চারদলীয় জোটের দুই শরিক দল জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বিএনপি থেকে দল দুটিকে বলা হয়েছে, ধর্মীয় নানা ইস্যুতে হরতালের কর্মসূচি আসতে পারে। জামায়াত ও খেলাফত মজলিস সেসব কর্মসূচিতে সমর্থন দিতে পারে। দল দুটির নেতারা সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দেন।জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের বিষয়টি স্বীকার করে বলেন, ‘হরতাল এলে চার দল সমর্থন দেবেই। এ নিয়ে কথা হয়েছে। বিএনপিকেও আমরা বলেছি, সমর্থন দিতে হবে।’ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সূত্র জানিয়েছে, কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এরই মধ্যে কওমি মাদ্রাসার আলেমদের সঙ্গে হরতালের বিষয়টি নিয়ে পরামর্শ শুরু করেছেন।কমিটির নেতা আহলুল্লাহ্ ওয়াসেল জানান, ৭ ডিসেম্বর আইন বাস্তবায়ন কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সব শ্রেণীর আলেম-ওলামাদের আসতে আমন্ত্রণ জানানো হয়েছে। মুফতি আমিনী বলেন, হরতাল দেওয়া হবে কি না, দিলে কবে হবে, সে বিষয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে জামায়াতে ইসলামী ও কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর আরেক সংগঠন সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ শিক্ষানীতি ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারণ নিয়ে আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। কর্মসূচির বিষয়ে গত শনিবার রাতে সংগঠনের নেতারা খালেদা জিয়ার সঙ্গে কথাও বলেছেন। পরিষদের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি দেওয়া হলে বিএনপি যেন সমর্থন দেয়, সে জন্য অনুরোধ করা হয়েছে। খালেদা জিয়াকে কী বলেছেন জানতে চাইলে পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছি, আমরা আন্দোলনে যাব। আপনার সহযোগিতা চাই। তিনি বলেছেন, সমর্থন দেবেন।’ মুহিউদ্দিন খান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আরও অনেকের সঙ্গে কথা বলব, সহযোগিতা চাইব।’শিক্ষানীতির খসড়া সংশোধনের দাবিতে পরিষদ আজ জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবে বলে জানিয়েছেন মাওলানা মুহিউদ্দিন খান। পরিষদ অভিযোগ করছে, যে শিক্ষানীতি পাস করা হচ্ছে, তাতে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাকে সীমিত করা হচ্ছে। অবশ্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বারবার বলে আসছেন যে শিক্ষানীতিতে মাদ্রাসাশিক্ষার সুযোগ সীমিত করা হচ্ছে না বরং মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিভিন্ন বিষয় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরাই লাভবান হবে।