ধর্মভিত্তিক রাজনীতি নয় জামায়াত-শিবির নিষিদ্ধ চাই: শাহবাগের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনীতি নয়, জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে। শুরু থেকে গণজাগরণ মঞ্চ সব ধর্মের মানুষের অনুভূতির প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল ছিল এবং আছে। ভবিষ্যতেও এর কোনো ব্যত্যয় ঘটবে না। গতকাল মঙ্গলবার শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে। শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, প্রজন্ম চত্বরের আন্দোলন কোনো ধর্মভিত্তিক দল নিষিদ্ধের জন্য নয়। কোনো ধর্মের সঙ্গে এই আন্দোলনের কোনো বিরোধ নেই। এই আন্দোলনের কর্মীরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আন্দোলন চলছে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে। গণজাগরণ মঞ্চ থেকে ধর্মবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি।এর আগে বিকেল সোয়া পাঁচটায় মঞ্চের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। মঞ্চের পক্ষ থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য প্রচার, সাম্প্রদায়িক দাঙ্গা ও ধর্মীয় উন্মাদনা উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়।সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার বলেন, ব্লগার রাজীব হায়দারকে হত্যার পর তাঁর নামে কমিউনিটি ব্লগে বানোয়াট আইডি খুলে আপত্তিকর পোস্ট (লেখা) লিখে তা আমার দেশ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এ কাজ করে তারা নিজেরাই ধর্ম অবমাননার অপরাধ করেছে। এর মধ্যে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ছিল না, ছিল হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার বাসনা। দেশ ও ইসলামবিরোধী জামায়াত-শিবির চক্র এই খবর দেশব্যাপী ছড়িয়ে পবিত্র মসজিদ ব্যবহার করে ধর্মপ্রাণ মুসল্লিদের উসকে দিচ্ছে। মসজিদের খতিবকে হামলার হুমকি দিয়ে জুমার নামাজের ইমামতি থেকে বিরত রেখেছে।ইমরান বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি বিকেলে এ আন্দোলন শুরু হয়। ২২ দিন ধরে চলা এই আন্দোলন নিয়েই মূলত আজকের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে ধর্মীয় অবমাননা, আন্দোলনকারীদের নিয়ে বিভ্রান্তির জবাব, আন্দোলনের উদ্দেশ্যসহ নানা বিষয় তুলে ধরা হয়। ইমরান বলেন, ৫ ফেব্রুয়ারি শাহবাগে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল, তা-ই দাবানল হয়ে সারা দেশে ছড়িয়ে গেছে। দলমত, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ এখন গণজাগরণ মঞ্চের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন। প্রতিদিন লাখো মানুষ গগণবিদারী স্লোগানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। গণজাগরণ মঞ্চের এ দাবি মেনে নিয়ে এরই মধ্যে জাতীয় সংসদে আইন সংশোধন করে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ করে দেওয়া হয়েছে। দেশবাসী যুদ্ধাপরাধীদের ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বর্জনের আহ্বানে সাড়া দিয়েছেন। যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও জামায়াতের পেটোয়া বাহিনী শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে আন্দোলন গড়ে তোলা হয়েছে। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রায়ত্ত করার কথা বলা হয়েছে। আহ্বান জানানো হয়েছে তাদের সহযোগী গণমাধ্যমগুলো বর্জন করার। আন্দোলনকারীদের পক্ষে দেশবাসীর কাছে প্রশ্ন রেখে ইমরান বলেন, ‘শহীদ মিনার ভাঙলে, মসজিদে আগুন দিলেও কি আপনারা চুপ করে বসে থাকবেন? কেন আপনারা চুপ করে বসে থাকবেন? আপনাদের নীরবতা তাদের আরও প্রশ্রয় দেবে। আমাদের এ লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। আমাদের লড়াইয়ে তারা আবারও একাত্তরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’ইমরান বলেন, বাংলাদেশ আজ আরও একটি মুক্তিযুদ্ধের সামনে দাঁড়িয়ে। এ লড়াই দেশপ্রেমিকের লড়াই। এ লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এ লড়াই ধর্মবিরোধীও নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা জয় ছিনিয়ে এনেছি, এবারও নেব।’এদিকে, গতকাল সকাল থেকেই শাহবাগে ছিল গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি। সংগঠকেরা জানান, গতকাল বিকেল পর্যন্ত প্রায় দেড় লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আজ বেলা তিনটায় মতিঝিলের শাপলা চত্বরে গণজাগরণ সমাবেশ। সকাল ১০টা থেকে শাহবাগে চলবে গণস্বাক্ষর সংগ্রহ।