ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হচ্ছে না
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হচ্ছে না। সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রেখেই ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দেওয়া হবে। তবে ধর্মভিত্তিক দলগুলোকে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের অসাম্প্রদায়িক চেতনা অনুসরণ করতে হবে। জঙ্গিবাদের সঙ্গে কোনো দলের সম্পৃক্ততা থাকলে সেই দল নিষিদ্ধ করা হবে।আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আজ পর্যন্ত সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। ২৩, ২৪ ও ২৫ মার্চ এবং এরপর ২৯, ৩০ ও ৩১ মার্চ পর্যন্ত কমিটির টানা সভা অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে সংবিধানের প্রয়োজনীয় সবকটি অনুচ্ছেদের ওপর প্রথম দফা আলোচনা শেষ করা হবে।সুরঞ্জিত বলেন, রাজনৈতিক দলগুলোকে সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের আদর্শ মেনে রাজনীতি করতে হবে। এর পরিপন্থী কোনো কাজ করা যাবে না। ধর্মের অপব্যবহার, কারও প্রতি বৈষম্য এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করা যাবে না। আকারে বা ইঙ্গিতে জঙ্গিবাদকে সমর্থন করা যাবে না। আইনের পরিপন্থী কাজ করলে রাষ্ট্র সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।এর আগে কমিটি থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামও বহাল থাকবে। এ বিষয়ে কমিটি সূত্র আরও জানিয়েছে, ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দেওয়ার জন্য সংবিধানের ৩৮ অনুচ্ছেদের শর্তযুক্ত অংশে সংশোধনী আনা হবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাতিল হওয়া ৩৮ অনুচ্ছেদের শর্তযুক্ত অংশটি আদালতের রায়ের মাধ্যমে ফিরে এসেছে।সূত্র জানায়, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার কারণে যেকোনো দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি ৩৮ অনুচ্ছেদেই অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হবে।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ কমিটির সদস্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বি মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।