ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি আওয়ামী ওলামা লীগের
সরকার সমর্থক সংগঠন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে। তবে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন ও সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস—এই বাক্য তুলে দেওয়ার বিরোধিতা করেছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক এসব দাবি জানান।আওয়ামী ওলামা লীগের এই নেতা আরও বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করলে আওয়ামী লীগ ধর্মপ্রাণ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ধর্ম ব্যবসায়ীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ পাবে। ১৯৭২ সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ছিল ইতিবাচক দিক। কিন্তু ধর্মনিরপেক্ষতা ছিল এর নেতিবাচক দিক—এ কথা উল্লেখ করে আবু বকর সিদ্দীক দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষতা ছিল না, স্বাধীনতার ঘোষণাপত্রেও ধর্মনিরপেক্ষতা ছিল না। বরং বঙ্গবন্ধুর ভাষণের ছত্রে ছত্রে ইসলামের কথা ছিল। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’ এই ইনশাআল্লাহ শব্দের অর্থই হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আজকের এ সংবাদ সম্মেলনটি ওই সংগঠন ছাড়াও যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, জাতীয় কোরআন শিক্ষা মিশন ও আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মেলন শেষে সংগঠনগুলো প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।