পঞ্চম সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে অস্পষ্ট ও পরস্পরবিরোধী বলে মনে করছে বিএনপি। দলটির মতে, এই রায় বাস্তবায়ন করা হলে দেশে নতুন করে সংকট তৈরি হতে পারে। বিএনপি সরাসরি রায়ের বিরুদ্ধে অবস্থান নেবে না। এ বিষয়ে সরকারের অবস্থান পর্যবেক্ষণ করে করণীয় ঠিক করবে। তবে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ, রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বাদ দেওয়ার বিরোধিতা করবে দলটি।দলের একাধিক নেতা বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করা যায় না। তাই বিএনপি এই রায়ের বিরুদ্ধে যাবে না। তবে রায়ের অসংগতিগুলো তুলে ধরে জনমত সৃষ্টির চেষ্টা করা হবে। বিএনপির নেতারা বলেন, এখন ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ও ধর্মনিরপেক্ষতার নীতিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে নানামুখী চাপ সরকার কীভাবে সামাল দেয়, সেটাই পর্যবেক্ষণ করবে বিএনপি।বিএনপির একজন প্রবীণ নেতা বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে গঠিত বিশেষ কমিটি সংবিধানের আলোকে রায় বাস্তবায়নে সংগতি ও অসংগতিগুলো চিহ্নিত করছে। বিএনপিও এ ব্যাপারে অসংগতি তুলে ধরে জনমত তৈরি করবে। ইতিমধ্যে অসংগতিগুলো খুঁজে বের করতে বিএনপির আইনজ্ঞরা কাজ শুরু করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ব্যক্তিগত মত উল্লেখ করে বলেন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, এটা মানতেই হবে। তবে সরকার এই রায় কীভাবে বাস্তবায়ন করছে, তার ওপর নির্ভর করছে বিএনপি কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। সূত্র জানায়, এই রায়ের ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর আগে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা আলোচনা করবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই এই কমিটির নেতৃত্বে থাকবেন। তবে দলীয় আদর্শে বিশ্বাসী সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতামতও নেওয়া হবে। তা ছাড়া কাল শনিবার দলের নির্বাহী কমিটির প্রথম বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। সবার মতামতের পরিপ্রেক্ষিতে রায়ের বিভিন্ন অসংগতি ও সমস্যা তুলে ধরা হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘মাফ চেয়ে ও শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, কোন কোন সংশোধনী ভালো, আর কোনগুলো খারাপ, তা বিচারকেরা দায়িত্ব নিলে কেমন করে হবে। কোনটা জাতির জন্য মঙ্গলজনক তা নির্ধারণ করছেন মাত্র কয়েকজন ব্যক্তি, এটা অত্যন্ত ভীতিকর।’ তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না। এটা জাতিকে নতুন কোনো সমস্যায় ফেলতে পারে। রাজনীতিতে ধর্মের অপব্যবহার হচ্ছে কি না, সেটা দেখা উচিত। তিনি বলেন, এই রায়ের বিভিন্ন স্থানে অস্পষ্টতা আছে, আছে স্ববিরোধিতা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পঞ্চম সংশোধনীর বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ নেই। খুব শিগগির দলের জ্যেষ্ঠ নেতারা আলোচনা করে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন। রায়ের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। স্থায়ী কমিটির অপর সদস্য রফিকুল ইসলাম মিয়া জানান, এ ব্যাপারে নির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে। তা ছাড়া প্রয়োজনে স্থায়ী কমিটির বৈঠকও হতে পারে।যেসব জায়গায় অসংগতি: বিএনপি মনে করছে, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের যে রায় দেওয়া হয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। দেশের ৯০ শতাংশ মানুষ যেখানে একটি ধর্মে বিশ্বাসী, সেখানে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে। ইউরোপসহ বিভিন্ন দেশে ধর্মভিত্তিক রাজনীতি চালু আছে। তাই ধর্মভিত্তিক রাজনীতি বাতিলের চেষ্টা হলে দলটি এর বিরুদ্ধে অবস্থান নেবে।বিএনপি মনে করে, মুজিবনগর সরকারের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতা বলে কিছু ছিল না। তাই স্বাধীনতার মূল চেতনার সঙ্গে এই সংশোধনী মোটেই সংঘাতপূর্ণ ছিল না। পঞ্চম সংশোধনীর কারণে সংবিধানের মোট ৪১টি অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছিল। আদালত ১১টি বাতিল করেছেন। বাকি ৩০টি অনিবার্য প্রয়োজন বলে রেখে দেওয়া হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না, তা স্পষ্ট নয়। ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হলে এ দুটি বিষয়ও তো বাতিল করতে হবে। এই রায় অষ্টম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, এই রায়ের ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ রয়েছে, যা জাতির জন্য শুভ হবে না। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে সচেতন করা হবে।