ধর্মান্ধরা সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।আজ শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুরে ধর্মরাজিক বৌদ্ধমঠে আন্তর্জাতিক শান্তি সম্মেলন ও কঠিন চীবরদান উত্সবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেন, একটি গোষ্ঠী সামাজিক শান্তি ও সম্প্রীতি বিনষ্টে জনগণকে উসকানি দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের এবং এখানে প্রত্যেকে সম অধিকার ভোগ করছে। কেননা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষই স্বাধীনতার জন্য লড়াই করেছে। তিনি আরও বলেন, ‘ধর্ম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উত্সব সবার।’বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা সংঘরাজা ধর্মসেন মহাস্থবির। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টের মহাসচিব পাল্লক থেইয়ারি, প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো, বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি চুং ই এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।প্রধানমন্ত্রী কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধমঠের পেছনে মন্দিরের জন্য ব্যবহার করতে সাত কাঠা জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।এ উপলক্ষে ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্ট দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিরলস প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিস অ্যাওয়ার্ড প্রদান করে।