ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী পোস্ট বন্ধের পক্ষে সংসদীয় কমিটি
ফেসবুক ও ব্লগে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী পোস্টকে আইনি কাঠামোর মধ্যে এনে তা বন্ধ করার পক্ষে মত দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এর আইনগত দিকটি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে বলেছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে সংসদীয় কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফী সাংবাদিকদের বলেন, ব্লগ ও ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ অনেক নেতার চরিত্র হনন করে ছাপানো বিভিন্ন পোস্ট নিয়ে বৈঠকে আলোচনা হয়। কমিটি মনে করে, ফেসবুকের একটি ভুয়া পোস্টকে কেন্দ্র করে কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছিল। এগুলো রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যায় কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বিষয়টি উত্থাপন করেন আশিফা আশরাফী। আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা বলেন, ইন্টারনেট ব্যবহার করে ব্লগারদের নিয়ে এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। সদস্যরা এ ধরনের পোস্ট বন্ধ করার পক্ষে মত দেন। তাঁরা এসব পোস্ট শনাক্ত করার জন্য সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনের পক্ষেও মত দেন।কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ফেসবুক ও ব্লগে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা পোস্টগুলো আইনগতভাবে শুদ্ধ কি না, কমিটি তা জানতে চেয়েছে। বিদ্যমান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের আওতায় এ ধরনের তত্পরতা বন্ধ করা সম্ভব হলে ভালো। অন্যথায় আইন সংশোধন করতে হবে। তবে নিষিদ্ধ করার বিষয়টি বিশ্বের অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটা বিবেচনায় নিতে হবে। সে জন্য সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কমিটির আগামী বৈঠকে মন্ত্রণালয়কে একটি তুলনামূলক প্রতিবেদন দিতে বলা হয়েছে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, জুনাইদ আহমেদ, ফজিলাতুন নেসা ও সৈয়দা আশিফা আশরাফী।