দুই মন্ত্রীর সংবাদ সম্মেলন: লংমার্চ শান্তিপূর্ণ হলে বাধা নয়
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে কঠোর শাস্তি
ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ব্লগার, পত্রিকাসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে তিন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে।একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আমার দেশ পত্রিকার বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে শাস্তির মেয়াদ বাড়াতে প্রচলিত দণ্ডবিধি ও আইন সংশোধনের কথাও ভাবছে সরকার। এ ছাড়া ৬ এপ্রিল হেফাজতে ইসলামের লংমার্চ শান্তিপূর্ণ হলে সরকার বাধা দেবে না।আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল মঙ্গলবার সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারের উত্কণ্ঠার মধ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে আইনমন্ত্রী বলেন, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে বা করার চেষ্টা করছে, তাদের প্রচলিত আইনের আওতায় আনা হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। প্রচলিত আইন সম্পর্কে শফিক আহমেদ বলেন, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন অনুযায়ী অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। একই আইনের ৬৬ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, ই-মেইল বা কম্পিউটার নেটওয়ার্ক রিসোর্স বা সিস্টেম ব্যবহারের মাধ্যমে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তা করলে এর জন্যও একই দণ্ড হবে।আইনমন্ত্রী বলেন, যারা ফেসবুকে কটূক্তি করছে, যারা কাবা শরিফের গিলাফ পাল্টানোর ছবিকে মানববন্ধন বলে বিভ্রান্তি ছড়িয়েছে—এ ধরনের কাজও অপরাধ। যারাই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে, তারা ব্লগার হোক, প্রতিষ্ঠান হোক, সংগঠন হোক—সবাইকেই আইনের আওতায় আনা হবে।মন্ত্রী বলেন, দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী, ধর্ম বা ধর্মবিশ্বাসের অবমাননা করে কোনো উক্তি করলে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে এ ধরনের কাজের জন্য আইন সংশোধন করে সাজার মাত্রা বাড়ানোর চিন্তাভাবনাও আছে। এ ধরনের অপরাধের বিচারে ঢাকায় ট্রাইব্যুনাল গঠন করে বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগীয় পর্যায়েও এ ধরনের ট্রাইব্যুনাল গঠন করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধুয়া তুলে কেউ যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে, সে জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। তিন ব্লগারকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আশা করি, এখন থেকে কেউ ধর্মের বিরুদ্ধে আঘাত হানার মতো মত প্রকাশ করবেন না।’হরতালের চিত্র তুলে ধরে মহীউদ্দীন খান আলমগীর বলেন, যারা হরতাল ডেকে যানবাহন জ্বালিয়ে দিচ্ছে, মানুষ মারছে, দোকান ভাঙচুর করছে, তাদের হুকুমের আসামি করা হবে। বিরোধীদলীয় নেতাকে আসামি করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা হরতাল আহ্বান করেন, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’হেফাজতে ইসলামের লংমার্চের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যেকোনো নাগরিকের সমাবেশ ও সংগঠন করার অধিকার আছে। যদি তারা শান্তিপূর্ণ সমাবেশ করে, সেখানে তাদের বাধা দেওয়ার কোনো অভিপ্রায় নেই।সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ব্যক্তিদের চিহ্নিত করার জন্য সরকারের গঠিত কমিটিতে দুজন আলেমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নবম-দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে ধর্মসংক্রান্ত ভুল সংশোধনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।