ধর্মীয় উগ্রপন্থীদের দুষলেন থেইন সেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য জাতীয়তাবাদী ও ধর্মীয় উগ্রপন্থীদের দায়ী করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। ওই সংঘাতের পেছনে কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্র জড়িত বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। দেশে শান্তি বজায় রাখতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআর টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। গত অক্টোবরে রাখাইনে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৮৯ জন নিহত হয়। গতকাল জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন থেইন সেইন। চিঠিতে রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা, রাখাইনদের নাগরিক হিসেবে স্বীকৃতি দান ও তাদের মৌলিক অধিকার রক্ষায় তাঁর সরকার অবিলম্বে পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া দাঙ্গার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। মিয়ানমার সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।মার্কিন প্রেসিডেন্ট ওবামার সফরকে কেন্দ্র করে এবার মিয়ানমার থেকে পণ্য আমদানির ওপর আরোপিত ১০ বছরের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে কয়েকটি রত্ন আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়েছে। মিয়ানমারের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক সংস্কার কার্যক্রমে সহায়তা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন কর্মকর্তারা জানান, বিশ্ব অর্থনীতির সঙ্গে একীভূত হতে অনেক দিন ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল মিয়ানমার। এই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত মিয়ানমারের দুর্বল অর্থনীতি বেগবান ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে মিয়ানমারে বেকারত্বের হার ২৫ শতাংশ।এশিয়ার তিনটি দেশে (মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া) সফরের উদ্দেশ্যে আজ যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী সোমবার তাঁর মিয়ানমারে পৌঁছানোর কথা।