ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যেতে পারে। যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারেন। তবে তা মানতে বাধ্য করা যাবে না। শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তিও দেওয়া যাবে না। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।১০ বছর আগে হাইকোর্ট ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল আংশিক মঞ্জুর করে কয়েক দফা পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ এ রায় দেন।রায়ে বলা হয়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা দুটি আপিল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আংশিকভাবে মঞ্জুর করা হলো। শুধু যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ধর্মীয় বিষয়ে ফতোয়া দিতে পারবেন। এটা ব্যক্তির স্বেচ্ছায় গ্রহণের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা বল প্রয়োগ করা যাবে না। রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যক্তির সাংবিধানিক অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করে, এমন কোনো ধরনের ফতোয়া দেওয়া যাবে না। যে ফতোয়ার ঘটনাটি অবৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছিলেন, তা সঠিক।২০০১ সালে হাইকোর্টের দেওয়া ফতোয়াবিরোধী রায়ের বিরুদ্ধে আপিলের ওপর চলতি বছরের ১ মার্চ শুনানি শুরু হয়। নয় কার্যদিবস শুনানি শেষে ৪ এপ্রিল আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর গতকাল রায় দেওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। এরপর কয়েক মিনিটে রায়ের সংক্ষিপ্ত আদেশ অংশ পড়েন প্রধান বিচারপতি।প্রতিক্রিয়া: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট সব রকম ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে করা দুটি আপিল আংশিকভাবে মঞ্জুর করা হয়েছে। আপিল বিভাগ বলেছেন, ধর্মীয় ব্যাপারে ফতোয়া দেওয়া যাবে। কিন্তু এটা মানার বিষয়ে কারও ওপর কোনো ধরনের জবরদস্তি করা যাবে না। কোনো লোকের মানসম্মান বা শারীরিক জবরদস্তি হয়, সে ক্ষেত্রে ফতোয়া দেওয়া যাবে না। হাইকোর্ট বিভাগ এ ক্ষেত্রে সুনির্দিষ্ট ফতোয়ার ঘটনাকে অবৈধ ঘোষণা করে যে রায় দিয়েছিলেন, তা সঠিক বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মনে করেন, রায়টি সঠিকভাবে মানা হলে দেশে নারী নির্যাতনের প্রবণতা কমে যাবে।অ্যামিকাস কিউরি রোকনউদ্দিন মাহমুদ বলেন, ফতোয়া মেনে নেওয়ার বিষয়টি ব্যক্তির স্বেচ্ছানির্ভর বলা হয়েছে। কিন্তু হিল্লা বিয়ের মাধ্যমে ফতোয়ার বেশি অপব্যবহার হচ্ছে। ফতোয়া সাধারণত গ্রামে ও নারীদের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়। এ ক্ষেত্রে কতখানি তাদের স্বেচ্ছায় হয়েছে, এটাই প্রশ্ন। আর যার ওপর ফতোয়া আরোপ করা হচ্ছে এবং যিনি দিচ্ছেন, তিনিও আইন জানেন না। এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।অপর অ্যামিকাস কিউরি এম জহির বলেন, ‘রায়ে আমি খুশি। আইন অনুসারে কারও আত্মমর্যাদা ক্ষুণ্ন হয়, এমন ফতোয়া দেওয়া যাবে না। উপদেশ আকারে ফতোয়া দেওয়া যাবে। যোগ্য ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন, এ বিষয়টি অস্পষ্ট। এটা কীভাবে প্রয়োগ হবে, তা বলা হয়নি।’পাঁচ বিশেষজ্ঞ আলেম আপিল বিভাগে মতামত দেন। তাঁদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুফতি আবদুল্লাহ আল মারুফ রায়কে স্বাগত জানিয়ে প্রথম আলোকে বলেন, এতে সংবিধানে সংরক্ষিত ধর্মচর্চার মৌলিক অধিকার বজায় রয়েছে। ফতোয়ার নামে গ্রামের কিছু অসাধু ব্যক্তির নির্যাতনমূলক কর্মকাণ্ড বন্ধ হবে।আপিলকারীদের আইনজীবী মো. নজরুল ইসলাম বলেন, ‘ইসলামের অন্যতম বিধান ফতোয়াকে এই রায়ে বৈধ ঘোষণা করা হয়েছে। আমি খুশি। তবে ফতোয়ার নামে কোনো ব্যক্তিবিশেষের অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে আদালতের রায় সঠিক মনে করি।’সেই ঘটনা: ২০০০ সালের ২ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত হয়, নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের আতিথা গ্রামের এক গৃহবধূকে ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে দিতে বাধ্য করা হয়। এটা আদালতের নজরে এলে বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং নারীনেত্রী মালেকা বেগমসহ অন্যরা পক্ষভুক্ত হন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন।হাইকোর্টের রায়ের পর: হাইকোর্টের রায়ে বলা হয়, বাংলাদেশের একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোনো আইন অনুযায়ী আইনসংক্রান্ত কোনো প্রশ্নে মতামত দিতে পারে। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। এ ছাড়া সব মসজিদের ইমামকে জুমার নামাজের খুতবায় ও স্কুলে এবং মাদ্রাসায় মুসলিম পারিবারিক অধ্যাদেশ নিয়ে আলোচনা করারও সুপারিশ করা হয়। রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন। দীর্ঘদিন পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিষয়টি শুনানির জন্য তালিকায় আসে।আপিল বিভাগে আসকের পক্ষে ড. কামাল হোসেন ও সারা হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আপিলকারীদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও নজরুল ইসলাম শুনানিতে অংশ নেন। হাইকোর্টে আবেদনকারীদের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ছাড়াও অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহিরসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানিকালে গত ১০ মার্চ ফতোয়া-সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল পাঁচ বিশেষজ্ঞ আলেম আদালতে গিয়ে মতামত দেন।