ধর্মীয় ভাব-গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা, মিলাদ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা ও মিলাদ, আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে ময়দানে ওয়াজ মাহফিল, আনন্দ-মিছিল ও মোনাজাত, মাইজভান্ডারি ফোরামের উদ্যোগে আলোচনা ও আনন্দ-মিছিল, জমিয়তে আশেকানে মাইজভান্ডারির আনন্দ-মিছিল, দেওয়ানবাগ শরিফের আশেকে রাসূল (সা.) সম্মেলনের আয়োজন করে।প্রায় ১৪০০ বছর আগে আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। সেই মহামানবের জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমানেরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।