ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় গত শুক্রবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। বরাবরের মতো এবারও পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হয় ঐহিত্যবাহী তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের লোকজন ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম করতে করতে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে।হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) পরিবারপরিজন ও কিছু অনুসারী নিয়ে মরুভূমি দিয়ে কুফার দিকে রওনা হন। পথে কারবালার ময়দানে তাঁরা মুয়াবিয়ার মুসলমান শাসকের ছেলে ইয়াজিদের আক্রমণের শিকার হন। খাদ্য ও পানির অভাবে তাঁর সঙ্গীদের অনেকে মারা যান। ইমাম হোসেন (রা.)কে নির্মমভাবে হত্যা করা হয়। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম হোসেন (রা.) ও তাঁর অনুসারীদের মর্মান্তিক ওই হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করতেই পালিত হয় পবিত্র আশুরা।পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার রাতে মিরপুর, মোহাম্মদপুর, শোয়ারীঘাট ইমামবাড়া, হাজারীবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে হোসনি দালানে জড়ো হয়। শুক্রবার সকালে হোসনি দালান থেকে সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয়। চকবাজার, উর্দুরোড, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাব হয়ে জিগাতলায় গিয়ে শেষ হয়। এরপর ধানমন্ডি লেকের জিগাতলা অংশে তাজিয়া ডুবানো হয়। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের অনেকে নিজের শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের স্মৃতি স্মরণ করেন। তাজিয়া মিছিল দেখার জন্য হোসনি দালান থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত এলাকায় রাস্তার দুই ধারে, বাড়ির বারান্দা ও ছাদে বহু লোক অপেক্ষা করতে থাকে।দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।