ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উত্স হিসেবে পরিগণিত হয়ে থাকে।হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) বর্তমান ইরাকের কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে আজ রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি। খবর বাসসের।রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বীদের উদ্যোগে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে প্রায় দুই ডজন তাজিয়া নিয়ে সর্ববৃহত্ তাজিয়া মিছিল বের হয়। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া, রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ, মিরপুর এবং অন্যান্য এলাকা থেকেও তাজিয়া মিছিল বের করা হয়। শিয়াদের পাশাপাশি আহলে সুন্নত মতের অনুসারীরা রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দিনটি উদযাপন করতে তাজিয়া মিছিলের আয়োজন করেছে। মিছিলটি দুপুরের পর গজনবী রোড, আসাদ গেট, টাউন হল বাজার, নূরজাহান রোড, কৃষি মার্কেট হয়ে আবার জেনেভা ক্যাম্পে গিয়ে শেষ হয়।তাজিয়া মিছিলে অংশ নেওয়ার জন্য ভোররাত থেকেই হোসেনি দালান রোডে হাজার হাজার নারী-পুরুষের ভিড় বাড়তে থাকে। শহরের বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসে সমবেত হলেও মূলত পুরান ঢাকার শিয়া মুসলমানদের সংখ্যাই ছিল বেশি। তাজিয়া মিছিলের ঢাক-ঢোলের বাজনায় মুখরিত হয়ে ওঠে নাজিমউদ্দীন রোড আর আশপাশের এলাকা। সবকিছুকে ছাড়িয়ে বজ্রকণ্ঠে উচ্চারিত হতে থাকে ‘ইয়া হোসেন, হায় হোসেন’ মাতম।সিমার যেভাবে কণ্ঠদেশে ছুরি চালিয়ে ইমাম হোসাইন (রা.)-কে হত্যা করেছিল, সে কষ্টের মাতম অনুভব করতে মিছিলে অংশ নেওয়া অনেক যুবক এবং মধ্য বয়সীদের ব্লেড ও ছুরির সাহায্যে নিজের শরীরে আঘাত করতে দেখা যায়। এতে তাদের শরীর থেকে অনবরত রক্ত ঝরতে থাকে। দিবসটি পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, আওয়ামী ওলামা লীগসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পবিত্র আশুরা উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলো পবিত্র আশুরার তাত্পর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।রাজধানীর বাইরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ফরিদপুর, রাজশাহীসহ দেশের প্রধান নগর ও শহরে ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া মিছিল বের করে। সেখানেও ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি তুলে মিছিলে মাতম করে।আজ ছিল সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।