ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আজ রোববার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) রবিউল আউয়াল মাসের এই দিনে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন। এই দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে তাই দিনটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।এ উপলক্ষে রাজধানীর সড়কগুলো জাতীয় পতাকা, আল্লাহু আকবর ও কলেমা খঁচিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়। আজ সরকারি ছুটির দিন।এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।বিভিন্ন জাতীয় দৈনিক দিবসটির তাত্পর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে।দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গতকাল রাত থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, নাতে রাসুল, মিলাদ মাহফিল, ইসলামী বইয়ের প্রদর্শনী ও শিশুদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাইজভান্ডারি দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয় এবং তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এখানে বিশেষ মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শাজাহানপুরে ঐতিহাসিক রেলওয়ে ময়দানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ এ দিনের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখছেন।পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফ আশেকে রাসূল (সা.) সম্মেলনের আয়োজন করে।বিএনপি আজ বাদ আছর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।