ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহর আনুকূল্য ও ক্ষমা প্রার্থনা করে পবিত্র এই রাতটি কাটিয়েছেন।সারা দেশেই মসজিদে মসজিদে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব বর্ণনা করে আলোচনা, নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।অনেকেই কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এবারও আজিমপুর কবরস্থান, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর ১০ নম্বর কবরস্থান, বনানী কবরস্থানে সারা রাত ধর্মপ্রাণ মুসল্লিরা প্রার্থনা করেছেন।পবিত্র শবে বরাত বাঙালি মুসলমানদের কাছে একই সঙ্গে ধর্মীয় উৎসবের রাতও। দিবসটি উপলক্ষে অনেকের ঘরেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভালো খাবার, নানা রকম মুখরোচক হালুয়া, রুটি, পায়েস তৈরি হয়েছে। এসব খাবার আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে। এ রাতে করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করা হয়। ইবাদত ও দোয়ার গুরুত্ব বর্ণনা করে বয়ান করেন আলেমরা।পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার সংবাদপত্র অফিসগুলো বন্ধ থাকায় গতকাল কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।পুরান ঢাকায় ঐতিহ্য অনুযায়ী বিশেষ আয়োজনের মাধ্যমে পবিত্র শবে বরাত পালন করা হয়। সেখানকার বিভিন্ন দোকান ও রাস্তার পাশে বসা অস্থায়ী দোকানে নানা আকৃতির রুটি বিক্রি হয়েছে। মিরপুর, মোহাম্মদপুর, বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় মিষ্টিজাতীয় খাবার, আগরবাতি, গোলাপজল প্রভৃতি বিক্রি হয়েছে।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালনের জন্য বরাবরের মতো এবারও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আতশবাজি, পটকাসহ অন্যান্য বিস্ফোরকদ্রব্য বহন করা বা ফোটানো নিষিদ্ধ করা হয়। তবে অনেক জায়গায়ই বিশেষ করে পুরান ঢাকায় পটকা ফোটানো হয়েছে। পবিত্র এই রাতে সন্ধ্যার পর থেকে রাজধানীর রাজপথগুলোতে বাস কম চলেছে। অধিকাংশ মানুষের বাহন ছিল রিকশা।দিবসটি উপলক্ষে বাদ মাগরিব থেকে সারা রাত বাবে রহমত দেওয়ানবাগ শরিফে বিশেষ আশেকে রাসুল (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, মোরাকাবা-মোশাহেদা প্রভৃতি।নীলক্ষেতের বাবুপুরা শাহ সাহেব বাড়ির মরিয়ম বিবি শাহী মসজিদ ও বাকুশাহ (রহ.) খানকায় কোরআন খতম, হালকায়ে জিকির, তজবিহ খতম, ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জালালী পার্টিও দিবসটি উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠান পালন করে।