সংবাদ সম্মেলনে ধর্মভিত্তিক রাজনৈতিক নেতারা
ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে দেশে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি হবে। ধর্মভিত্তিক রাজনীতি মানুষের অধিকার। আদালতের একটি বেঞ্চ সে অধিকার কেড়ে নিতে পারেন না। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা এ কথা বলেন। ইসলাম ও ধর্মীয় রাজনীতি রক্ষাবিষয়ক জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের বিষয়ে আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। খেলাফত আন্দোলনের আমির ও জাতীয় কমিটির সদস্য শাহ আকমত উল্লাহ আশরাফ বলেন, রাজনৈতিক দল হোক বা আদালত হোক, ইসলামের বিরুদ্ধে কথা বললে তা মেনে নেওয়া হবে না। সম্মেলনে ধর্মনিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বলে দাবি করেন ইসলামিক ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী। খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, জাতীয় সংসদ সংবিধানের পঞ্চম সংশোধনী প্রণয়ন করেছে; আদালত বাতিল করবে—তা কী করে হয়? তিনি বলেন, ইসলামি রাজনীতি বাতিল করলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। ১৬ জানুয়ারি মুক্তাঙ্গনে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সমাবেশের আয়োজন করবে।