ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধবিহারে মহামতি বুদ্ধমূর্তি উদ্বোধন এবং অতীশ দীপঙ্কর ও বিশুদ্ধানন্দ ‘শান্তি স্বর্ণপদক’-২০১১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখা জরুরি। সরকার ধর্মীয় সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এ জন্য বিভিন্ন ধর্মের মানুষের সম-অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ দেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে, যার দৃষ্টান্ত বর্তমান বিশ্বে বিরল।’বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ থাইল্যান্ডের রাজপরিবারের সহযোগিতায় ধর্মরাজিক বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ৪৮ ফুট উঁচু বুদ্ধমূর্তি স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটিই বাংলাদেশে সর্বোচ্চ বুদ্ধমূর্তি। জাপান, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ১১টি দেশের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, সাংসদ সাবের হোসেন চৌধুরী, থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদী মিয়ানচারিন ও বুদ্ধমূর্তি নির্মাণ কমিটির চেয়ারম্যান থাইল্যান্ডের মেজর জেনারেল সুবিরা সংগমেত্তে অনুষ্ঠানে বক্তব্য দেন।পরে বুদ্ধের বাণী প্রচারে অবদান রাখার জন্য পদকপ্রাপ্তদের স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —বাসস।