ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ১৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘আন্তর্জাতিক ধর্মীয়-স্বাধীনতা প্রতিবেদন-২০১০’ প্রকাশ করেছে। প্রতিবেদনে সংবিধানের পঞ্চম সংশোধনী অসাংবিধানিক মর্মে আদালতের দেওয়া রায়কে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা বিস্তারে বিশেষ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধর্ম অনুসরণ ও প্রচারে সর্বজনীন সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিদের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ, ইমামদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, ধর্মীয় শিক্ষার পাঠ্যসূচি আধুনিকায়ন ও মূলধারার সঙ্গে সমন্বয়করণ, বিভিন্ন ধর্মানুসারীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা, বিভিন্ন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উত্সব শান্তিপূর্ণভাবে পালনের পরিবেশ সৃষ্টি, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা কমানো—এগুলো ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য। ১৯৯৮ সালের আন্তর্জাতিক স্বাধীনতা আইনের (আইআরএফএ) ১০২-এর (বি) ধারা অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন কংগ্রেসে এ বার্ষিক প্রতিবেদন পেশ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে ২০০৯ সালের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত ১৯৮টি দেশে বিদ্যমান ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি সর্ম্পকে বিবরণ প্রকাশ করা হয়।