ধর্মে ধর্মে দ্বন্দ্ব লাগাতেই রামুতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে যে ঘটনা ঘটেছে, তা এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের দ্বন্দ্ব লাগানোর জন্যই ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।আজ রোববার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সুপরিকল্পিতভাবে কতিপয় সন্ত্রাসী এ কাজ করেছে। বাংলাদেশের এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের কোনো দ্বন্দ্ব নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই এটা ঘটানো হয়েছে। এটা জঙ্গিবাদের চক্রান্তমূলক কাজ। কোরআনের কোনো অবমাননা হয়নি। এটি ফেসবুকের একটি ফেইক আইডি থেকে করা হয়েছে। আর একে কেন্দ্র করে বৌদ্ধবিহারে আগুন দেওয়া হয়েছে। এ ধরনের গুজবে কান না দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিছু সদস্য হেলিকপ্টার নিয়ে এলাকায় গেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেককে সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানান মন্ত্রী। কক্সবাজারের রামু উপজেলা সদরে গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় একদল লোক বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহারে আগুন লাগায়। দুটি বিহারসহ বড়ুয়াপাড়ায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়। এ পরিস্থিতিতে প্রশাসন আজ সকাল থেকে রামু সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।বর্তমানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা সেখানে টহল দিচ্ছেন।পুলিশ জানায়, রামুর বড়ুয়াপাড়ার উত্তমকুমার বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্টে এমন এক ছবি দেখা গেছে, যা ইসলাম ধর্মের জন্য অবমাননাকর বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে ওই নাশকতা চালানো হয়।