ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বিকেলে শিশু রিতু আক্তারের লাশ নিয়ে সেগুনবাগিচাবাসী বিক্ষোভ করেছে। পরিবারের অভিযোগ, সন্দেহভাজন খুনিদের নাম বললেও পুলিশ মামলা নিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে।রিতুর লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস এবং এ কে এম শফিউজ্জামান। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিতুর গলায় আঘাত ও ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের পর রিতুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ফরেনসিক সূত্র নিশ্চিত করেছে।ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে রিতুর লাশ সেগুনবাগিচায় তাদের ভাড়া বাসার সামনে নেওয়া হয়। এ সময় রিতুর মা, ভাইবোন ও স্বজনেরা কফিনের ওপর আছড়ে পড়েন। বিকেল সাড়ে চারটার দিকে জানাজা শেষে এলাকাবাসী লাশ নিয়ে মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করে। সাংসদ রাশেদ খান মেনন সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, যারা এজাতীয় অপরাধ করে, তারা মানুষ নয়, পশু। এসব ধর্ষকের মৃত্যুদণ্ড প্রাপ্য। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী লাশ আজিমপুর কবরস্থানে নিয়ে দাফন করে।নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গত শনিবার রাজধানীর পুরানা পল্টন মোড়-সংলগ্ন তোপখানা রোডে ট্রপিকানা টাওয়ারের চারতলার শৌচাগার থেকে ১০ বছরের শিশু রিতু আক্তারের রক্তাক্ত ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।থানায় মামলা: শাহবাগ থানার সূত্র জানায়, গত শনিবার রাতে রিতুর মা নূরজাহান বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার বিবরণে বলা হয়েছে, তোপখানা রোডের ট্রপিকানা টাওয়ারের মালিক ও তত্ত্বাবধানকারীদের যোগসাজশে অজ্ঞাতনামা ব্যক্তিরা রিতুকে হত্যা করেছে। শনিবার রাতে ওই টাওয়ারের কর্মী শাহাবুদ্দিন এবং দুই নিরাপত্তাকর্মী নুরুল ইসলাম ও ইস্কান্দার আলীকে আটক করা হয়। ওই দিন দুপুরে লাশ উদ্ধারের সময় ভবনের চারতলার হজ এজেন্ট প্রতিষ্ঠানের তিন পিয়নকে আটক করা হয়। এই ছয়জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়নি পুলিশ। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল প্রথম আলোকে বলেন, আটক ছয়জনকে রিতু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক আচরণ) গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ রিমান্ড শুনানি হওয়ার কথা। রিমান্ড মঞ্জুর হলে এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এতে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।রিতুর মা নূরজাহান বেগম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শনিবার রাতে তিনি থানায় মামলা করতে গেলে একজন পুলিশ কর্মকর্তা তাঁর মুখ থেকে শুনে বিবরণ লেখেন। হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে এমন চারজন, ভবনের তত্ত্বাবধানকারী, ভবনটির মালিক ও হজ এজেন্ট প্রতিষ্ঠানের মালিকদের নাম তিনি পুলিশকে বলেছেন। বাদীর স্বাক্ষরের জায়গায় তাঁর টিপসই নেওয়া হয়েছে। তবে পুলিশ মামলার বিবরণ পড়ে শোনায়নি তাঁকে। পরে তিনি জানতে পারেন, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তিনি বলেন, গরিব বলে তাঁর কথার গুরুত্ব দেয়নি পুলিশ।জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুটির মা এক নারীনেত্রীকে নিয়ে এসে মামলা দিয়ে গেছেন। আসামি হিসেবে কারও নাম বললে তা মামলায় অন্তর্ভুক্ত হওয়ার কথা।থানায় মামলা দায়েরের সময় নূরজাহান বেগমের সঙ্গে ছিলেন সেগুনবাগিচার বাসিন্দা শামসুল ইসলাম। তিনি বলেন, রিতুর মা তাঁর সামনেই খুনের ঘটনায় জড়িতদের নাম পুলিশকে বলেছেন। শামসুল বলেন, ভবনটির তত্ত্বাবধানকারী শাহাবুদ্দিন একবার এক মেয়েকে ধর্ষণ করে জরিমানাও দিয়েছেন।রিতুর মা বলেন, টাকার অভাবে তিনি ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারেননি। রিতু ও আরেক মেয়ে মিতু মিলে সংসার চালাত। রান্না করা খাবার অফিস ও মেসে বিক্রি করত রিতু। আর মিতু ভিউকার্ড প্রতিষ্ঠানে কাজ করে আড়াই হাজার টাকা পেত। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। রিতু ধর্ষণ ও হত্যার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি দাবি করেছে।