ধর্ষকদের পুরুষত্বহানি করা উচিত: মুজিবুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ অধিবেশনে কোনো একজন সাংসদ যখন কথা বলেন, তখন অন্য সাংসদেরা খোশগল্পে মশগুল থাকেন। এ নিয়ে আজ সোমবার ডেপুটি স্পিকার শওকত আলী সাংসদদের দৃষ্টি আকর্ষণ করে পাশ থেকে কথা না বলার অনুরোধ করেছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনা চলার সময় ডেপুটি স্পিকার সাংসদদের উদ্দেশে বলেন, ‘আপনারা মাইক ছাড়া সাইড টক এত বেশি করেন যে, আমার মাইকের কথা শুনতে অসুবিধা হয়। অনুগ্রহ করে সাইড টক করবেন না।’এ সময় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করছিলেন। তিনি বলেন, সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে গণজাগরণ সৃষ্টি করায় তিনি তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান।জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, ইন্টারনাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রস্তাবিত আইন থেকে সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখার বিধানটি বাতিল করা ঠিক হয়নি। ভবিষ্যতে মহাজোট সরকার ক্ষমতায় না থাকলে এ নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তখন যে সরকার ক্ষমতায় থাকবে তারা আপিল নাও করতে পারে। মুজিবুল হক আরও বলেন, নারী-শিশু-নির্যাতন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আজ পর্যন্ত কোনো আদালত অপরাধীকে এ শাস্তি দেয়নি। স্বল্প শাস্তি পাওয়া ধর্ষকরা জেল থেকে ছাড়া পেয়ে একই অপরাধ করে। এদের পুরুষত্বহানি করা উচিত। সরকারি দলের সাংসদ আবদুল মান্নান (বগুড়া-১) জামায়াত-শিবির নিষিদ্ধ করতে অবিলম্বে সংসদে বিল আনার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন দেশে আর জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটি নিষিদ্ধের দাবিতে সারাদেশে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার এখনই সময়।রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, এ কে এম রহমতউল্লাহ, মোজাহারুল হক প্রধান, আবদুর রহমান (বদি), মনোরঞ্জনশীল গোপাল, জাহানারা বেগম, ফরিদা আখতার, মো. শাহাবুদ্দিন, জুনাইদ আহমেদ প্রমুখ। সবশেষে সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।