ধর্ষকদের বিচার চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণকারীদের বিচারের দাবিতে রাজধানীতে আজ মানববন্ধন হয়েছে। সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে এই কর্মসূচি পালন করে। সংগঠনের দাবি, দেশে ২০১২ সালে ৭৭১ জন নারী ধর্ষিত হয়েছেন। তাদের মধ্যে ১৫৭ জনই গণধর্ষণের শিকার হয়। সংগঠনের আহ্বায়ক এস এম সৈকত প্রথম আলো ডটকমকে বলেন, ধর্ষিত এই সাত শতাধিক নারীর মধ্যে ১০৬ জনকে নৃশংসভাবে হত্যা করে ধর্ষণকারীরা। পত্রপত্রিকার বরাত দিয়ে তিনি এই পরিসংখ্যান তথ্য তুলে ধরেন। এস এম সৈকত বলেন, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুরে গণধর্ষণের শিকার হয় নবম শ্রেণীর এক স্কুলছাত্রী। ধর্ষণের এসব ঘটনায় জড়িত অপরাধীরা বেশির ভাগ সময় পুলিশের সহায়তায় পার পেয়ে যায়। জড়িত ব্যক্তিদের শাস্তির বদলে পুলিশ কেবল সালিস করে এর সমাধান করে। এতে এ ধরনের অপরাধের মাত্রা বেড়েই চলছে। এসব কারণে প্রতিদিন দেশে দুজন করে নারী ধর্ষণের শিকার হচ্ছে। প্রশাসন যদি এসব ঘটনায় ব্যবস্থা নেয়, অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দেয়, তাহলে এই ভয়াবহ ঘটনা বন্ধ হবে।