ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ধর্ষণ শেষে ছয় বছরের শিশুকে হত্যা করার অপরাধে রুবেল হোসেন (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (ভারপ্রাপ্ত) হাসান শহীদ ফেরদৌস এই রায় ঘোষণা করেন।রুবেল জেলার গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণ শেষে শিশুটিকে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় রুবেলকে এই সাজা দেওয়া হয়েছে। অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে আরও দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর মামলার বাদী নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলাম।’ তবে আসামি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ নভেম্বর ওই উপজেলার আলীপুর গ্রামের নাজমুল হোসেনের ছয় বছরের মেয়ে লিমাকে প্রতিবেশী রুবেল স্থানীয় একটি কবরস্থানের মধ্যে ধর্ষণ করেন এবং ধর্ষণের পর গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করেন। এই ঘটনায় নিহত শিশুর দাদা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।