ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত
গণধর্ষণের শিকার মেডিকেল-শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে ফেটে পড়েছে ভারতের জনগণ। অপ্রীতিকর ও সহিংস ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তাব্যবস্থা কঠোর করেছে সরকার। গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ প্রতিবাদে নামায় নগরটি কার্যত অচল হয়ে পড়েছে। দিল্লির বাইরে কলকাতা, গুয়াহাটি, লক্ষ্নৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কানপুর ও মুম্বাইয়ে এ ধরনের বিক্ষোভ সমাবেশ চলছে। ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ আনা হলেও ওই নারীর মৃত্যুর পর আজ তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।রাজধানীতে গণবিক্ষোভের আশঙ্কায় দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ রাইসিনা হিলের প্রতিবাদস্থলে সমাবেশ নিষিদ্ধ করেছে। এর আশপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধের সৃষ্টি করা হয়েছে। তবে জন্তরমন্তর ও রামলীলা ময়দানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আজ প্রায় চার হাজারের মতো প্রতিবাদকারী জন্তরমন্তরের সমাবেশে যোগ দিয়েছে। এ ছাড়া রাজধানীর অনেক স্থানে মৌন প্রতিবাদ চলছে। জন্তরমন্তরের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আসা পুনম কৌশিক বলেন, মেয়েদের নিরাপত্তা রক্ষায় সরকারের ব্যর্থতার সুযোগে এ ঘটনা ঘটেছে। একজন তাঁর প্ল্যাকার্ডে রাজনীতিবিদদের উদ্দেশে লিখেছেন, ‘আমরা আপনাদের শোকপ্রকাশ চাই না! লোকদেখানো সহানুভূতিও চাই না! আমাদের দাবি অবিলম্বে কঠোর যৌন নিপীড়নবিরোধী আইন প্রণয়ণ।’ দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান। তবে, বিক্ষোভকারীদের শোরগোলের মুখে তাঁর এ প্রচেষ্টা ব্যর্থ হয়।প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে স্বীকার করেছেন, ভারতে সামাজিক পরিবর্তন খুব জরুরি। আজ শনিবার রয়টার্স, দ্য টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আজ শনিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে।রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, এ মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি। ওই শিক্ষার্থীকে সাহসী নারী হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, ‘তিনি ছিলেন এক সাহসী কন্যা, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মর্যাদা ও জীবনের জন্য লড়াই করেছেন। তিনি সত্যিকারের বীর এবং ভারতের তরুণ ও নারীদের প্রতীক।’ প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেছেন, তিনি ওই শিক্ষার্থীর আত্মার জন্য শান্তি কামনা করছেন। পরিবারটি এ শোক সহ্য করার শক্তি পাবে বলেও তিনি আশা করেন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘তিনি যখন জীবনযুদ্ধে হেরেই গেছেন, তখন তাঁর মৃত্যুকে বৃথা যেতে না দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা আমাদের আবেগ কাজে লাগালেই তাঁর স্মৃতির প্রতি আমাদের প্রকৃত সম্মান জানানো হবে।’দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বলেন, ‘মেয়েটির মৃত্যুর ঘটনা কেবল মুখ্যমন্ত্রী হিসেবেই আমার জন্য লজ্জাকর নয়, ভারতের একজন নাগরিক হিসেবেও তা আমার জন্য গ্লানিকর।’বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এ মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন। শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের সাধারণ মানুষের মধ্যেও। বড় ধরনের বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের জন্য ইন্ডিয়া গেট ও নয়াদিল্লিমুখী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া গেটের কাছাকাছি ১০টি মেট্রো (পাতাল রেল) স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতালে ১০ দিন চিকিত্সার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর চিকিত্সার ব্যয়ভার বহন করছিল ভারতের সরকার।