ধর্ষণ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার
গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম চন্দন কুমার পোদ্দার। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে নগরের লালখান বাজার এলাকার হাইলেভেল রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।এ ঘটনায় গৃহপরিচারিকা (১৬) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলশী থানায় একটি মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে চন্দন কুমারকে হাকিম সাঈদ আহমেদের আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক চন্দন কুমার পোদ্দার বেশ কিছুদিন থেকে গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। সর্বশেষ ২২ জানুয়ারি স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। কিন্তু মেয়েটি বাথরুমে ঢুকে আত্মরক্ষা করে। পরে চন্দন কুমারের স্ত্রী মুন্না ভৌমিক বাসায় এলে তাঁকে ঘটনা খুলে বলে গৃহপরিচারিকা। এ নিয়ে চন্দন কুমার ও তাঁর স্ত্রীর মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে বিষয়টির মীমাংসার জন্য গতকাল সকালে দুই পরিবারের লোকজন আলোচনায় বসেন। কিন্তু আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি সম্পর্কে খুলশী থানা পুলিশকে খবর দেন। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে এক দল পুলিশ মুন্না ভৌমিকের অভিযোগের ভিত্তিতে চন্দন কুমার পোদ্দারকে আটক করেন ও গৃহপরিচারিকাকে নিজেদের হেফাজতে নিয়ে আসেন। পরে মেয়েটি সন্ধ্যার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চন্দন কুমার পোদ্দারকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ইয়ার আলী প্রথম আলো ডটকমকে বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আগামীকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে মেয়েটির ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।এদিকে শিক্ষক চন্দন কুমারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘আমরা লজ্জিত’ ‘চন্দন কুমারের বহিষ্কার চাই’, ‘নারী ও শিশু নির্যাতন আইনের বাস্তবায়ন চাই’সহ নানা ব্যানার ও ফেস্টুন শোভা পায়। এর আগে চন্দন কুমার পোদ্দারের শাস্তির দাবিতে বিজ্ঞান অনুষদের প্রায় সবকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিউল আলম বলেন, অভিযোগ পাওয়া গেলে চন্দন কুমার পোদ্দারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।