ধর্ষণ থেকে গর্ভধারণ ঈশ্বরের উপহার!
ধর্ষণের ঘটনায় কোনো নারীর গর্ভধারণ ঈশ্বরের ইচ্ছায় হয়—এ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন মার্কিন রিপাবলিকান দলের এক আইনপ্রণেতা।ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত সিনেট বিতর্কের একপর্যায়ে ডেমোক্র্যাট দলের সদস্য জো ডোনেলি রিপাবলিকান আইনপ্রণেতা রিচার্ড মারডকের কাছে জানতে চান, ধর্ষণ বা নিকটাত্মীয় কারও সঙ্গে যৌন সংসর্গের ক্ষেত্রে তিনি গর্ভপাত সমর্থন করেন কি না? জবাবে রিচার্ড মারডক বলেন, ‘বিষয়টা নিয়ে দীর্ঘদিন নিজের সঙ্গে লড়াই করেছি আমি। শেষ পর্যন্ত মনে হয়েছে, এটা ঈশ্বরের উপহার। আমি মনে করি, ধর্ষণের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যখন কোনো নারীর গর্ভে সন্তান আসে, সেটাও ঈশ্বরের ইচ্ছায় হয়।’মারডক বলেন, ‘মায়ের জীবন হুমকির মুখে, এমন পরিস্থিতিতেই কেবল গর্ভপাত সমর্থন করব।’ তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ডোনেলি মত দেন, ‘ঈশ্বরের ইশারায় এ ধরনের ঘটনা ঘটে, এটা আমি বিশ্বাস করি না।’আইনপ্রণেতা রিচার্ড মারডকের বিতর্কিত মন্তব্যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির ভোটবাক্সে নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই ধারণা করা হচ্ছে। মিট রমনির মুখপাত্র আন্দ্রেয়া সিওল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মারডকের মন্তব্যের সঙ্গে একমত নন রমনি। তাঁর মন্তব্যে রমনির মতাদর্শ প্রতিফলিত হয়নি।এবিসি নিউজ জানিয়েছে, সিনেট বিতর্কের পরই নিজের অবস্থান থেকে সরে এসেছেন মারডক। রিপাবলিকান এই আইনপ্রণেতার দাবি, ঈশ্বরের ইশারায় ধর্ষণ হয়, এমনটা বিশ্বাস করেন না তিনি। তবে একমাত্র ঈশ্বরই পারেন জীবন সৃষ্টি করতে। মারডক বলেন, ‘আপনারা কি এটা বলতে চান যে ধর্ষণ আগে থেকেই ঈশ্বর নির্ধারণ করে রাখেন—এটা বলেছি আমি? আমি তা মনে করি না। যাঁরা এটা বলছেন, তাঁরা অসুস্থ প্রকৃতির মানুষ। আমি যা বলেছি, এটা তার ধারেকাছেও নয়।’ দুই মাস আগে নারীর গর্ভধারণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রিপাবলিকান দলেরই সিনেট পদপ্রার্থী ডোট অ্যাকিন। যৌন সংসর্গ মেনে নিলেই নারী গর্ভধারণ এড়াতে পারেন বলে মত দিয়েছিলেন তিনি। তাঁর এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। নিজ দলের ভেতর থেকেই তাঁকে প্রার্থিতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। তবে নিজের বক্তব্যের জন্য বেশ কয়েকবার প্রকাশ্যে ক্ষমা চাইলেও প্রার্থিতা প্রত্যাহার করেননি অ্যাকিন। দ্য টেলিগ্রাফ।