ধর্ষণ হচ্ছে ইন্ডিয়ায়, ভারতে নয়
ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহনরাও ভগবদ বলেন, ‘ধর্ষণ “ভারতে” খুব কমই হয়। কিন্তু “ইন্ডিয়া”তে প্রায়ই হয়।’ তিনি বলেন, ‘দেশের গ্রাম ও অরণ্যাঞ্চলে গেলে ধর্ষণ বা যৌন নিপীড়নের ঘটনা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শহরাঞ্চলে এগুলো হচ্ছে।’ খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।গতকাল বৃহস্পতিবার আসাম রাজ্যে চার দিনের সফরের সময় শিলচরে এক নাগরিক সভায় মোহনরাও এ কথা বলেন। তিনি বলেন, ‘নতুন আইন প্রণয়ন সত্ত্বেও প্রাচীন ভারতীয় মূল্যবোধের আদলে ভারতীয়দের সামগ্রিক মূল্যবোধ ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার।’শহরাঞ্চলের মানুষের জীবনযাত্রার সমালোচনা করে মোহনরাও বলেন, ‘পশ্চিমা মূল্যবোধ দ্বারা প্রভাবিত শহরগুলোতেই ধর্ষণ বেশি হয়। গ্রামাঞ্চলের ভারতীয়দের দ্বারা এ ধরনের ঘটনা ঘটে না।’ধর্ষণবিরোধী আইন প্রসঙ্গে মোহন বলেন, আরএসএস ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনের পক্ষপাতী ছিল। তাই নতুন ধর্ষণবিরোধী আইনকে স্বাগত জানাবে সংস্থাটি। তিনি দক্ষিণ দিল্লিতে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্তদের ফাঁসির দাবি করেন।ধর্ষণবিরোধী বিক্ষোভে আরএসএসের সমর্থন আছে উল্লেখ করে সংস্থাটির প্রধান দিল্লির বিজয় চকে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানান।