ধর্ষণচেষ্টার শাস্তি কান ধরে ওঠ-বস!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার জন্য অভিযুক্ত আইয়ুব আলীকে (৪০) শাস্তি হিসেবে মাত্র পাঁচবার কান ধরে ওঠ-বস করানো হয়েছে। ঘটনার চার দিন পর আজ রোববার ওই বিদ্যালয় প্রাঙ্গণে সালিস করে কর্তৃপক্ষ এই শাস্তি দিয়েছে।এলাকাবাসী জানান, গত বুধবার চান্দুরা গ্রামের দরিদ্র রিকশাচালকের মেয়েকে (৯) বিদ্যালয় থেকে ডেকে পাশের পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন পুকুরের পাহারাদার আইয়ুব আলী। ওই দিন শিশুটির বাবা আইয়ুব আলীর বিরুদ্ধে বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই দিনই আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। তবে অদৃশ্য কারণে পরদিন বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়।শিশুটির বাবা প্রথম আলো ডট কমকে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ সালিসের মাধ্যমে আইয়ুব আলীর বিচার করা হবে বলে তাঁকে জানান। চান্দুরা বাজার কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান অভিযোগ করে বলেন, এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুর রশিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি গ্রামবাসীদের এড়িয়ে গেছেন। শিশুটি দরিদ্র পরিবারের হওয়ায় তিনি সুষ্ঠু বিচার না করে ঘটনা ধামাচাপা দিয়েছেন। আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সালিস সভার সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অশোক রায় চৌধুরী বলেন, ‘ঘটনাটি গ্রামের জন্য লজ্জাজনক। তা ছাড়া, অভিযুক্ত আইয়ুব আলী এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তাই শাস্তি হিসেবে তাঁকে কান ধরে ওঠ-বস করানো হয়।’সালিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান হায়দর আলী, ইউপি সদস্য মোশাররফ মিয়া ও প্রধান শিক্ষক আবদুর রশিদ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আবদুর রশিদ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, স্কুলের কমিটির লোকজন বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্ত আইয়ুব আলী তাঁর অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছেন। গ্রামবাসীকে এড়িয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্কুলের পরিচালনা কমিটিতে যাঁরা আছেন, তাঁরা সবাই গ্রামেরই লোক।বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন বলেন, ঘটনাটি সামাজিকভাবে শেষ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সালিস বসিয়েছে। সালিসে অভিযুক্ত ব্যক্তি ক্ষমা চেয়েছেন।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী প্রথম আলো ডটকমকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইয়ুব আলীকে আটক করা হয়েছিল। পরে সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করার কথা বললে তাঁকে আমরা ছেড়ে দেই।’