ধর্ষণবিরোধী আন্দোলন দমাতে কঠোর ভারত সরকার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের কণ্ঠ রোধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে উত্তাল দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আজ সকালে রাজ্যের সব কটি সড়ক ও রেলস্টেশন বন্ধ করে দেয়। সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। ‘ঘৃণ্য’ অপরাধের দায়ে ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কারণে মনমোহনের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার এখন এমনিতেই টালমাটাল। সপ্তাহ খানেক আগে শুরু হওয়া এই ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী আন্দোলনের কারণে সরকার এখন বেশ নাজুক অবস্থায় পড়েছে। দিল্লিসহ সারা দেশে ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নের ঘটনা অব্যাহত থাকায় সরকার তার জনপ্রিয়তা হারাচ্ছে। নারীদের জন্য ভীষণ অনিরাপদ দেশের তালিকার শীর্ষ দেশগুলোর অন্যতম ভারত।বিক্ষোভকারীরা বলছে, গত আট বছরের শাসনামলে জোট সরকার নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তেমন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করেনি। রাজনৈতিক বিশ্লেষক নিরাজ চৌধুরী বলেন, ‘মানুষ কেবল একটি ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে না। তাদের প্রতিবাদ সার্বিক অব্যবস্থাপনা ও নেতাদের হতাশাজনক আচরণের বিরুদ্ধে। মানুষ মনে করছে, নেতারা পুরোপুরি জনবিচ্ছিন্ন।’আজ সকালে পুলিশ ইন্ডিয়া গেটের আশপাশের সব সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। গত কয়েক দিন ধরে ছাত্র ও মানবাধিকার সংগঠনগুলো ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ করছিল। বেশির ভাগ মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। ফলে এক কোটি ১৬ লাখ লোকের শহরটি কার্যত স্থবির হয়ে পড়ে। তবে আন্দোলন এখন দিল্লির বাইরে বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে।জি নিউজ জানিয়েছে, দিল্লির বিক্ষোভকারীরা ইন্ডিয়া গেটে সমবেত হতে না পেরে যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেছে। সেখানে তারা দিনভর প্রতিবাদ সমাবেশ করেছে। এদিকে, দিল্লির ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়ও আজ সারা দিন বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব মিছিলে রাজনৈতিক দলের নেতাদের বাইরে বিপুলসংখ্যক গৃহবধূ ও কর্মজীবী নারী অংশ নেন। শহরের তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে মোমবাতি মিছিলের আয়োজন করে। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকা থেকে শুরু হওয়া মোমবাতি মিছিলটি শেষ হয়ে বি কে পাল এভিনিউয়ে।আরেকটি মিছিল বাঙ্গুর থেকে বের হয়ে সল্ট লেকের সিটি সেন্টারে গিয়ে শেষ হয়।