বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে জয়পুরহাটে তিনটি ধর্ষণ, ৬৮৪ জনকে হত্যা ও গণহত্যা এবং কয়েকজনকে গণকবর দেওয়ার প্রমাণ পেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।কাল সোমবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।আজ রোববার সন্ধ্যায় তদন্ত সংস্থার কার্যালয়ে সমন্বয়ক আবদুল হান্নান সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনে আলীমের বিরুদ্ধে একাত্তরে বগুড়া জেলার জয়পুরহাট মহকুমার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী সাত রকমের অপরাধের ১৭টি ঘটনার অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ, শারীরিক নির্যাতন, বাস্তুভিটা ছেড়ে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করা ও অপহরণ।মামলার তদন্তকারী কর্মকর্তা জেড এম আলতাফুর রহমান বলেন, গত বছরের ৬ মার্চ আলীমের বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু হয়। জয়পুরহাট গিয়ে তদন্ত দল কয়েক দফায় তথ্য সংগ্রহ করে। বনানীতে ছেলের বাসায় আলীমকে এক দিন জিজ্ঞাসাবাদও করা হয়।সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, গত বছরের ২৩ মার্চ আবদুল আলীমকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। ২৭ মার্চ তাঁকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ ট্রাইব্যুনাল তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।