ধর্ষণের অভিযোগ এড়িয়ে এজাহার, ঢাকায় আবার ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা হত্যা মামলার এজাহারে ধর্ষণের অভিযোগ এড়িয়ে যাওয়া হয়েছে। এর আগে শরীয়তপুরে করা সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে হেনার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে বলা হয়েছে। দোররার ৭০-৮০টি আঘাতের পর হাসপাতালে মারা গিয়েছিল হেনা। পত্রিকার মাধ্যমে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের এমন তথ্য জানার পর গত সোমবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হেনার লাশের আবার ময়নাতদন্তের আদেশ দেন। ওই দিন রাতেই লাশ তুলে ঢাকায় আনা হয় এবং গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্ত করা হয়। আজ ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।সর্বশেষ জানা গেল, থানা পুলিশের লেখা এজাহারে ধর্ষক মাহাবুবের সঙ্গে হেনার প্রেমের সম্পর্ক হয়েছিল বলে উল্লেখ করা আছে। হেনার বাবা অভিযোগ করেছেন, পুলিশ এজাহার লিখে তাঁকে টিপসই দিতে বলেছে, তিনি দিয়েছেন। এজাহারে কী লেখা হয়েছে, তা তাঁকে পড়ে শোনানো হয়নি। তবে পুলিশ দাবি করেছে, এজাহার তারা লিখলেও হেনার বাবাকে পড়ে শোনানো হয়েছে। ৩০ জানুয়ারি রাতে হেনা প্রকৃতির কাজে ঘরের বাইরে বের হলে মাহাবুব তাকে ধর্ষণ করে। হেনার চিৎকারে মাহাবুবের স্ত্রী শিল্পী বেগমসহ দুুই পরিবারের লোকজন বের হয়ে আসে। সেখানে শিল্পী, তাঁর বোন জাহানারা, মাহাবুবের ভাবি মণিমালা, মাহাবুবের চাচি মোর্শেদা বেগম হেনাকে মারধর করেন। পরের দিন সালিশ বৈঠকে ফতোয়াবাজ ও সমাজপতিদের নির্দেশে হেনাকে দোররা মারা হলে হেনা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ৩১ জানুয়ারি রাতে কিশোরী হেনা মারা যায়। এজাহারে যা আছে: এজাহারে উল্লেখ করা হয়, এক নম্বর আসামি মাহাবুবের স্বভাবচরিত্র ভালো না। সে এক মাস আগে নাবালিকা হেনাকে ফুসলিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন মাহাবুব দরবেশ খাঁর বসতবাড়িতে লাকড়ি রাখার ঘরে হেনার সঙ্গে কথা বলার চেষ্টাকালে দুই নম্বর আসামি শিল্পী বেগম, তিন নম্বর আসামি জাহানারা বেগম, চার নম্বর আসামি মোর্শেদা বেগম চিৎকার করে আশপাশের লোকজন এনে হেনাকে আটক করে। হেনাকে খুন করার উদ্দেশ্যে কিল-ঘুষি মেরে এবং মাড়িয়ে বুক, তলপেট ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরের দিন সালিস বৈঠকে ফতোয়াবাজরা হেনাকে ১০১টি দোররা মারার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই রায় কার্যকর করা হয়। পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহত হেনা আক্তারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মলদার ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল। কিন্তু সুরতহাল প্রতিবেদনে ‘স্থানীয়ভাবে তদন্তকালে প্রাথমিকভাবে জানা যায়, মৃত হেনার সঙ্গে তার চাচাতো ভাই মাহাবুবের প্রেমের সম্পর্ক ছিল’ লেখায় তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের এ সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সরোয়ার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা নির্মল চন্দ্র দাস, চিকিৎসা কর্মকর্তা হোসনে আরা ও চিকিৎসা কর্মকর্তা রাজেশ মজুমদারের সমন্বয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। তবে ধর্ষণের কোনো পরীক্ষা করা হয়নি। চিকিৎসক নির্মল চন্দ্র দাস জানান, সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের ঘটনা উল্লেখ না থাকায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হেনার বাবা দরবেশ খাঁ বলেন, ‘আমি থানার বাইরে বসে মেয়ের লাশ পাহারা দিয়েছি। পুরো ঘটনা পুলিশকে বলেছি। তারা এজাহার তৈরি করে আমার কাছ থেকে টিপসই নিয়েছে। সই নেওয়ার সময় আমাকে এজাহার পরে শোনানো হয়নি।’ তিনি আরও বলেন, ‘হেনার সঙ্গে মাহাবুবের ভালোবাসার সম্পর্ক ছিল না। পুলিশ আমার মেয়েকে অপরাধী বানানোর চেষ্টা করছে।’ নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির দাবি করেন, এজাহারে সই নেওয়ার আগে ঘটনার বিবরণ দরবেশ খাঁকে পড়ে শোনানো হয়েছে। পুনরায় ময়নাতদন্ত: ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানায়, গতকাল সকালে ঢাকার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ হেনার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর সহকারী অধ্যাপক মো. জোবায়দুর রহমানের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের তিন সদস্যের মেডিকেল বোর্ড লাশের ময়নাতদন্ত করে। হেনা ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা নিশ্চিত হতেও প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে।পুনঃময়নাতদন্তের সময় গতকাল ঢাকা মেডিকেল কলেজে হেনার কোনো আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন না। ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ শরীয়তপুরের নড়িয়ায় নিয়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে চামটা গ্রামে হেনার লাশ পুনরায় দাফন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেডিকেল বোর্ড আজ বুধবার হাইকোর্টে ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেবে।হেনার বাবাকে হুমকি, আত্মীয়দের হয়রানি: ধর্ষক মাহাবুবের বড় বোনের স্বামী সালাউদ্দিন হেনার বাবা দরবেশ খাঁকে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগের ব্যাপারে কথা বলতে সালাউদ্দিনের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান মুঠোফোনে গতকাল দুপুরে হেনার বাবা দরবেশ খাঁর সঙ্গে কথা বলে তাঁকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। তাৎক্ষণিক তিনি এ ব্যাপারে নড়িয়া থানার পুলিশকে একটি লিখিত অভিযোগ নেওয়ার নির্দেশ দেন।হেনার খালাত বোনের স্বামী চুন্নু মাঝি জানান, ‘ঘটনার পর থেকে পরিবারটিকে আমরা আগলে রেখেছি। এখন আসামিপক্ষ আমাদের মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখাচ্ছে।’নিহত হেনার মা আকলিমা বেগম বলেন, ‘আসামিরা এখন আমাদের সহায়তাকারী স্বজনদের মামলা-হামলার ভয় দেখাচ্ছে। স্বজনেরা আত্মগোপন করেছেন।’পুলিশ সুপার বলেন, হেনার পরিবারকে ভয় দেখানোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।