ধর্ষণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতার বিরুদ্ধে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চিত্তরঞ্জন এলাকায় পলিটেকনিক কলেজে এক তরুণীকে ধর্ষণের মামলায় রাজ্য তৃণমূল কংগ্রেসের এক ছাত্রনেতার নাম তালিকাভুক্ত হয়েছে। কলেজের ছাত্র ইউনিয়নের একটি কক্ষে গত মঙ্গলবার বিবসনা করার পর পালাক্রমে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল শুক্রবার ওই ঘটনায় পুলিশের কাছে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা (টিএমসিপি) সাম্য মণ্ডলের নামও রয়েছে। টিএমসিপির সাধারণ সম্পাদক হওয়ার কথা রয়েছে সাম্যের।তরুণী ধর্ষণের ঘটনায় পুলিশের প্রাথমিক তালিকায় (এফআইআর) কলেজের নিরাপত্তারক্ষী ভুলু যাদবের নামও আছে। তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। সাম্য, অভিক ঘোষ, বিজয় সিং ও মিথিলেশ ওঝা নামের অন্য চারজন আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা ওঝা কলেজ ছাত্র নয় বলেও একটি সূত্র জানিয়েছে। আসানসোল-দুর্গাপুর এলাকার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেন, তিনি মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করেছেন। ধর্ষণের ঘটনায় কলেজের একজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কাজী নজরুল সেন্টেনারি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল ঋতুপর্ণা বোস বলেন, ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ধর্ষণের ঘটনায় কোন বহিরাগতদের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি। ঘটনার পর কলেজ ইউনিয়ন কক্ষ ও ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ধর্ষণের শিকার তরুণীর বাবা অভিযোগ করেন, ধর্ষণের আগে তাঁর মেয়েকে কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। ধর্ষণকারীরা এ সময় মোবাইল ফোনে আর্ধচেতন মেয়ের ছবি তোলে এবং তা ছড়িয়ে দেয়। হাসপাতাল ও আদালত সূত্র জানায়, ঘটনার পর ওই যুবতীকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বক্তব্য শুক্রবার আসানসোল কোর্টে উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জন্মদিন পালনের কথা বলে ওই নারীকে ইউনিয়ন কক্ষে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে তারা কোমল পানীয়ের সঙ্গে মাদকদ্রব্য মিশিয়ে অচেতন করে ওই নারীকে এবং পরে ধর্ষণ করে। এদিকে সাম্য মণ্ডল সম্বন্ধে অভিযোগ প্রসঙ্গে স্থানীয় টিএমসিপি নেতা অশোক রুদ্র দাবি করেন, সাম্য তাদের দলের কেউ নয়। তিনি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।