ধর্ষণের অভিযোগ পেলেই মামলা নিতে হাইকোর্টের নির্দেশ
ধর্ষণের ক্ষেত্রে অভিযোগের তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে মামলা হিসেবে লিপিবদ্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তির ডাক্তারি পরীক্ষা ও বিলম্ব ছাড়াই জব্দ করা আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ধর্ষণের অভিযোগে করা একটি মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। বিষয়টি সব থানাকে অবহিত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও পুলিশের মহাপরির্দশকে বলা হয়েছে।আদালত বলেছেন, পুলিশের গাফিলতি ও অনভিজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে ধর্ষণের আলামত সঠিকভাবে সংরক্ষণ ও জব্দ করা হয় না। রাসায়নিক পরীক্ষার মাধ্যমে সহজেই অপরাধীকে শনাক্ত করা যায়। ডিএনএ পরীক্ষাসহ এ-সংক্রান্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। মনে রাখতে হবে, রাষ্ট্র জনগণের করের টাকায় পরিচালিত হয়।আদালত সূত্র জানায়, সিলেটের ঘাসিটোলা মজুমদারপাড়া নিজাম ইবনে দলিল উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকা ধর্ষিত হন। ওই ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান নিজামউদ্দিনকে আসামি করে ২০১১ সালের ৯ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্র বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নিজামউদ্দিন। আজ আবেদনের ওপর শুনানি হয়।শুনানি নিয়ে আদালত ওই ঘটনায় জব্দকৃত আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠাতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দুই মাসের মধ্যে বিচারিক আদালতে দাখিল করতে বলা হয়। এ সময় ওই মামলার বিচার কার্যক্রম স্থগিত থাকবে। তবে প্রতিবেদন দাখিলের পর বিচার কার্যক্রম শুরু হবে।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও আবেদনকারীর পক্ষে আইনজীবী রেজিনা মাহমুদ শুনানি করেন।