ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা লিপিবদ্ধ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া অবিলম্বে ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করতে ও জব্দ করা আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ ধর্ষণের অভিযোগে করা একটি মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। বিষয়টি সব থানাকে অবহিত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও পুলিশের মহাপরিদর্শককে বলা হয়েছে।আদালত বলেছেন, পুলিশের গাফিলতি ও অনভিজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে ধর্ষণের আলামত সঠিকভাবে সংরক্ষণ ও জব্দ করা হয় না। রাসায়নিক পরীক্ষার মাধ্যমে সহজেই অপরাধীকে শনাক্ত করা যায়। ডিএনএ পরীক্ষাসহ এ-সংক্রান্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।আদালত সূত্র জানায়, সিলেটের একটি বিদ্যালয়ের এক শিক্ষিকা ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান নিজামউদ্দিনকে আসামি করে ২০১১ সালের ৯ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। ১৩ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নিজামউদ্দিন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।শুনানি নিয়ে আদালত ওই ঘটনায় জব্দকৃত আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দুই মাসের মধ্যে বিচারিক আদালতে দাখিল করতে বলা হয়। এ সময় ওই মামলার বিচারকাজ স্থগিত থাকবে। প্রতিবেদন দাখিলের পর তা আবার শুরু হবে।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও আবেদনকারীর পক্ষে আইনজীবী রেজিনা মাহমুদ শুনানি করেন।