ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. শফিকুল করিম এ রায় দেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি হাবিবুল ইসলাম তালুকদার প্রথম আলো ডটকমকে জানান, হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাপাইকাপ গ্রামের কাপাইকাপ সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবদুল জলিল ২০১০ সালের ৩ আগস্ট একই মাদ্রাসার ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ২০১১ সালের ১৯ এপ্রিল একটি কন্যাশিশুর জন্ম দেয় ধর্ষণের শিকার ছাত্রীটি। এর পর আবদুল জলিলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী ও তার বাবা এরশাদ ব্যাপারী। মামলার পর ২০১১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. শফিকুল করিম অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের ২০১২ সালের ২৩ মে শিশুকন্যা ও আবদুল জলিলের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় শিশুকন্যাটি অভিযুক্ত ওই শিক্ষকের। এরই ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করা হলো।বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী ও কন্যাশিশুটি বর্তমানে ঢাকার প্রশান্তি চাইল্ড হোম কেয়ারে রয়েছে। রাষ্ট্রকে শিশুটির ব্যয়ভার বহনের নির্দেশ দিয়েছেন আদালত।