ধর্ষণের পর মামলা নিতে দেরি, ওসির ভূমিকা তদন্তের নির্দেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোরী ধর্ষণের পর মামলা নিতে দেরির ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডিআইজি পদমর্যাদার ব্যক্তি দিয়ে দুই দিনের মধ্যে ওই কমিটি গঠন করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত করে ১৫ মার্চ প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তকালে ওসিকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আইজিপিকে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গতকাল মঙ্গলবার ‘আড়াইহাজারে কিশোরী ধর্ষণ, ধর্ষিতার পরিবারকে হুমকি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা আদালতের নজরে আনেন আইনজীবী খন্দকার মো. খুরশীদ আলম। এরই পরিপ্রেক্ষিতে আদালত আজ আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলামকে ঘটনার ব্যাখ্যা জানাতে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে আইন ও সালিশ কেন্দ্রকে এ বিষয়ে সহায়তা করতে বলা হয়। আদালতের নির্দেশনা অনুসারে আজ সকালে হাজির হন ওসি নজরুল ইসলাম। আদালত তাঁর বক্তব্য শোনেন। আইন ও সালিশ কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা জন অসিত দাস বক্তব্য শোনেন। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তি নূরুল শুনানি করেন।রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি প্রমুখ বক্তব্য দেন।শুনানিকালে আদালত নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদাকে বিকেল তিনটায় হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। পরে শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদেশে আদালত ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন।ওই ঘটনায় করা মামলা তদন্তে একজন গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ করতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই ঘটনায় ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তির চাচা ও মধ্যস্থতার উদ্যোগ নেওয়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদকে আগামী সোমবার আদালতে হাজির করতে এসআই নাজমুল হুদাকে নির্দেশ দিয়েছেন।আদালত থেকে বেড়িয়ে অবন্তি নূরুল প্রথম আলোকে বলেন, আদালত শুনানি গ্রহণ করেছেন। শুনানিতে ওসির বক্তব্যের সঙ্গে অন্যদের বক্তব্যে অমিল দেখা যায়। ওসি মিথ্যা বলেছেন উল্লেখ করে আদালত তাঁর ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওসির বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়েছে।