ধর্ষণের পরীক্ষা করাতে নারী চিকিত্সক নিয়োগের নির্দেশ
ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য প্রয়োজনীয়সংখ্যক নারী চিকিত্সক, স্বাস্থ্য সহকারী (সেবিকা) ও চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেউ চিকিত্সাসেবা নিতে গেলে তাঁর মর্যাদা সমুন্নত রাখতে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি তিন মাসের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে। ৩১ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে গত ১৬ এপ্রিল ‘প্রথম আলো’তে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগে ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা করেন পুরুষ চিকিত্সক।...ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে কোনো নারী চিকিত্সক নেই। কোনো নারী নার্স, এমনকি আয়াও নেই।’ প্রতিবেদনটি ওই দিন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়াসহ কয়েকজন আইনজীবী। প্রাথমিক শুনানির পর আদালত স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পরিচালক ও ফরেনসিক বিভাগের প্রধানকে ২৮ এপ্রিল হাজির হতে নির্দেশ দেন। এ দুই কর্মকর্তা ২৮ এপ্রিল আদালতে হাজির হন। ওই দিন আদালত ডিএমসিএইচের পরিচালককে হাজিরা থেকে অব্যাহতি দেন। আদালত ৬ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন এবং ফরেনসিক বিভাগের প্রধানকে এদিন হাজির হতে বলেন। এ নির্দেশ অনুসারে আজ ফরেনসিক বিভাগের প্রধান মোখলেছুর রহমান হাজির হন এবং তাঁর ব্যাখ্যা জানান। শুনানি নিয়ে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। আর হলফনামাসহ ‘প্রথম আলো’র ওই সংবাদের সত্যতা সম্পর্কিত প্রতিবেদন দাখিল করেন আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী। ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মোখলেসুর রহমান বলেন, রোগীরা এলে কার্যপ্রণালি অনুসরণ করা হয়। আদালত বলেন, ‘এটা কখনো অনুসরণ করেন না। তাহলে বলেন প্রতিবেদনটি সত্য নয়। বছরের পর বছর এভাবেই চলছে।’ এ পর্যায়ে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী হলফনামাসহ প্রতিবেদন দাখিল করেন। আদালত বলেন, এতে বলা হয়েছে, প্রতিবেদনটি সত্য। মহিলা এমএলএসএস ছিলেন না। জবাবে চিকিত্সক বলেন, ১২ বছর ধরে একজন নারী এমএলএসএস আছেন। তবে অনেকবার বলা হলেও নারী চিকিত্সক দেওয়া হয়নি। আদালত বলেন, ‘এখন অবস্থা কী?’ জবাবে চিকিত্সক বলেন, দুজন নারী চিকিত্সক আছেন। দুজন (চতুর্থ শ্রেণীর কর্মচারী) এমএলএসএস নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এখনো যোগ দেননি। পরে আদালত আদেশ দেন।