ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে দিল্লি
দিল্লির একটি বাসে ২৩ বছর বয়সী একজন প্যারামেডিকেলের শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, আক্রান্ত নারীর শারীরিক অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে। দিল্লির সফদারজং হাসপাতালের চিকিত্সকেরা আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, সকালে ওই নারীর অবস্থার কিছুটা উন্নতি দেখা গেলেও পরে অবনতি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যন্ত্রের সাহায্যে তাঁর শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে। এখনো তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।হাসপাতালের চিকিত্সা বিভাগের অধ্যক্ষ বি ডি আথানি বলেন, ‘তাঁর অবস্থা জটিল এবং ক্রমে অবনতি হচ্ছে। সকালে অবস্থা খানিকটা ভালো থাকলেও, সন্ধ্যায় পরিস্থিতির অবনতি হয়েছে এবং স্বাস্থ্য ভেঙে পড়ছে।’আজ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দ্রুত তদন্ত ও বিচারের কাজ শেষ করতে এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। গত রোববার দিল্লির একটি বাসে সাত দুর্বৃত্ত ওই নারী ও তাঁর ছেলেবন্ধুর ওপর হামলা চালায়। আক্রান্ত নারীটিকে ধর্ষণও করা হয়। পরে তাঁদের গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় একটি উড়ালসেতুর ওপর।ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ভারতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন। দেশটির পার্লামেন্টেও তুমুল বিতর্ক শুরু হয়েছে।পিটিআইয়ের বরাত দিয়ে ‘দ্য হিন্দু’র খবরে বলা হয়, রোববারের ধর্ষণের ঘটনায় আটক বাসচালক রাম সিংকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল পুলিশ। আদালত আজ সে আবেদন মঞ্জুর করেছেন।পুলিশ মহানগর হাকিম নমৃতা আগারওয়ালকে জানায়, রাম সিংয়ের ভাই মুকেশ, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক বিনয় শর্মা এবং ফলবিক্রেতা পবন গুপ্তকে আগামীকাল বুধবার আদালতে হাজির করা হবে।দিল্লির সফদারজং হাসপাতালের চিকিত্সকেরা সকালে জানিয়েছিলেন, আক্রান্ত নারীর শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হচ্ছে। তবে দিল্লির পুলিশের কমিশনার নিরাজ কুমার সাংবাদিকদের বলেছিলেন, ওই নারীর অবস্থা আশঙ্কামুক্ত নয়।সফদারজং হাসপাতালের চিকিত্সক বি ডি আথানি জানিয়েছিলেন, ‘গতকালের চেয়ে আজ তাঁর অবস্থা ভালো। গত রোববার রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল।’ঘটনার তদন্তকারী দল জানিয়েছে, তাঁরা দ্রুত তদন্ত ও বিচার শেষ করতে চান। দোষীদের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সহযোগিতা চেয়ে তদন্তকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আবেদনও করেছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আরও দুজনকে ধরতে তারা ব্যাপক তল্লাশি শুরু করেছে।দিল্লি হাইকোর্টের প্রতিক্রিয়াচলন্ত বাসে একজন নারীর ধর্ষিত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার ‘অসন্তোষ’ প্রকাশ করেছেন দিল্লির হাইকোর্ট। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ২৫ জন নারী আইনজীবীর করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছেন, তাঁরা ‘অপকর্মটি’ খতিয়ে দেখছেন।বিচারপতি কিষান কাউল ও বিপিন সঙ্ঘির বেঞ্চ বলেছেন, ‘কিছু মানুষ ভাবে তারা আইন-শৃঙ্খলা নিয়ে খেলতে পারে। ... এতে আমরা অসন্তুষ্ট।’ দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করারও কথাও উল্লেখ করা হয়।আইনজীবী ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মণিকা আরোরার নেতৃত্বাধীন দলটি আদালতকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলার তদন্ত করার আবেদন জানায়।আরোরা বলেন, ‘আমরা চাইছি আদালত জনপরিবহনসহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি নীতিমালা পাস করুন। এ ধরনের ঘটনার বিচারের জন্য একটি দ্রুত বিচার আদালতও প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া জরুরি।’বিচারপতি কিষান কাউল আইনজীবীদের একটি ‘জনস্বার্থ মামলা’ (পিআইএল) দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, আদালত পরিস্থিতি বিবেচনা করছে এবং আসছে দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। পার্লামেন্টে প্রতিক্রিয়াবাসে গণধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে দেশটির পার্লামেন্ট। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার জরুরি সভা আহ্বান করা হয়। লোকসভা ও রাজ্যসভায় সব দলের আইনপ্রণেতারা এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন। ক্ষুব্ধ আইনপ্রণেতারা দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।বিরোধী দলের সাংসদেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কাছে এ মর্মে আশ্বাস চেয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। ঘটনার প্রতিবাদে সবচেয়ে সরব ছিলেন নারী আইনপ্রণেতারা। সমাজবাদী পার্টি থেকে নির্বাচিত সাংসদ জয়া বচ্চন ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। লোকসভার স্পিকার মিরা কুমার বলেন, এ ন্যক্কারজনক ঘটনাটি পুরো সমাজের জন্য লজ্জার বিষয়। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ দোষীদের মৃত্যুদণ্ড দাবি করেন। তবে কংগ্রেসের নেতা গিরিজা বিহাস তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, এমনটি করলে অপরাধীরা ধর্ষণের পর ধর্ষিতাকে মেরে ফেলতে প্রলুব্ধ হবে।তবে রাজ্যসভায় সুষমার পক্ষে দাঁড়িয়েছেন তাঁর দলের সাংসদ নাজমা হেপতুল্লাহ, ‘ডিএমকে’র বাসন্তী স্ট্যানলি এবং ‘এআইএডিএমকে’র ভি মৈত্রেয়নের। মৈত্রেয়ন দাবি করেন, প্রচলিত আইনের সংস্কার করে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। হেপাতুল্লাহ বলেন, ‘এক্ষেত্রে মৃত্যুদণ্ডই হতে পারে একমাত্র শাস্তি।’এ ধরনের ঘৃণ্য অপরাধ প্রতিরোধে ব্যর্থ হওয়ার জন্য দিল্লির পুলিশ বাহিনীর প্রধানের অপসারণ দাবি করেন রাজ্যসভার সদস্য এবং সাবেক আইনজ্ঞ রাম জেটমালানি। ‘বিএসপি’র প্রধান মায়াবতী বলেন, ‘এ ধরনের অপরাধের জন্য আরও কঠোর শাস্তি নিশ্চিত করা দরকার। শুধু অপরাধীদের ধরলেই হবে না। এদের কঠোর শাস্তিও দিতে হবে।’সাংসদদের ক্ষোভের মুখে সুশীল কুমার সিন্ধে বলেন, দিল্লিতে নারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রসচিবকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর পদক্ষেপনারীদের প্রতি যেকোনো সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে আজ দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ধর্ম মুরুজেসানকে নির্দেশ দিয়েছেন পাঁচটি দ্রুত বিচারালয় স্থাপন করতে। এ বিষয়ে তিনি দিল্লি সরকারের অনুমতি নিতে পারবেন।এসব বিচারালয়কে দ্রুত কার্যকর করতে প্রধান বিচারপতির কাছে লেখা একটি চিঠিতে আহ্বান জানিয়েছেন শিলা।বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভঘটনার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বসন্ত কুঞ্জ থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।