ধর্ষণের মামলায় অভিযোগপত্র, পরে রাজনৈতিক হয়রানিমূলক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয় বর্তমান সরকারের আমলে। ওই কিশোরীর অভিযোগ, অপহরণের পর ধর্ষণের ঘটনার বিচার চাইতে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর তিন সঙ্গী তাঁকে ধর্ষণ করেন। ওই মামলায় চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দেয় পুলিশ।ওই মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটির নির্বাহী সদস্য ছিলেন।এই সরকারের আমলে করা কোনো মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে সিলেটে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যেকোনো সরকারের আমলে করা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা হয়রানিমূলক মনে করলে আমাদের কাছে পাঠায়। এরপর আমরা তৃণমূল পর্যায়ে ঘটনার খোঁজখবর নিই। মামলার অভিযোগের সত্যতা পেলে তা প্রত্যাহার না করার পক্ষে প্রতিবেদন পাঠাই। আর হয়রানিমূলক মনে হলে তা প্রত্যাহারের পক্ষে প্রতিবেদন পাঠাই।’ধর্ষণের মামলা প্রত্যাহারের উদ্যোগ প্রসঙ্গে পিপি মিজবাহ বলেন, ‘এখানে ঘটনার শিকার কিশোরী ও তার আত্মীয়স্বজনের জবানবন্দি ২২ ধারায় লিপিবদ্ধ রয়েছে। ওই জবানবন্দি মামলার সত্যতার পক্ষে একটি দালিলিক প্রমাণ। এ ছাড়া পুলিশ অভিযোগপত্রও দিয়েছে। তার পরও আমরা তৃণমূল পর্যায়ে মামলাটির খোঁজখবর নিয়ে প্রতিবেদন পাঠাব।’ধর্ষণের মামলার নথি পর্যবেক্ষণে দেখা গেছে, গত বছরের ১৪ নভেম্বর রাতে মেয়েটিকে বাড়ি থেকে অপহরণের পর ধর্ষণ করে একদল যুবক। পরদিন মুক্ত হয় মেয়েটি। এ ঘটনায় মেয়েটিকে নিয়ে বারহাল ইউনিয়নের গ্রাম্য আদালতে বিচার চাইতে যান তার বাবা। ইউপি চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান উপযুক্ত সালিস করার আশ্বাস দিয়ে বলেন, মামলা করতে হলে মেয়েটিকে নিয়ে সিলেট যেতে হবে। ৫ ডিসেম্বর মেয়েটিকে নিয়ে সিলেটের একটি আবাসিক হোটেলে রাখেন ইউপি চেয়ারম্যান। সেখানে তিনিসহ চারজন মেয়েটিকে ধর্ষণ করেন। ইউপি চেয়ারম্যান মেয়েটিকে টানা দুই সপ্তাহ জিম্মি করে রাখেন। এই সময় মেয়েটির বাবা খোঁজখবর জানতে চাইলে চেয়ারম্যান নানা টালবাহানা করেন। দুই সপ্তাহ পর মেয়েটি গ্রামের বাড়ি ফিরে এসে ধর্ষণের ঘটনা জানায়। মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান তাঁকে মামলা না করার জন্য নানা হুমকি-ধমকি দেন। একসময় চেয়ারম্যান ঢাকায় গেলে গত ১৮ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তকালে ধর্ষণের ঘটনায় ইউপি চেয়ারম্যান মিছবাহ জামানসহ তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়। ১৮ মার্চ ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তিনি।জকিগঞ্জের বারহাল ইউনিয়নের অনেকে জানান, মামলা করার পর থেকে ইউপি চেয়ারম্যান মিছবাহ জামান এলাকাছাড়া। বেশির ভাগ সময় থাকেন ঢাকায়।মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ ও সাজানো দাবি করে তা প্রত্যাহারের জন্য গত ৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ইউপি চেয়ারম্যান। আবেদন নম্বর ২৯৮। আবেদনে ধর্ষণের ওই মামলা ও পুলিশের অভিযোগপত্রের পেছনে ‘হাওয়া ভবনের কর্ণধার হারিছ চৌধুরীর ষড়যন্ত্র’ রয়েছে দাবি করেন তিনি।গত ৩০ জুলাই মামলাটি অথবা মামলা থেকে আবেদনকারীর নাম ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার বিধান অনুযায়ী প্রত্যাহার করা প্রসঙ্গে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো ওই চিঠিতে (স্মারক-স্বম/ সিলেট ৩৪৭) সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। এ ব্যাপারে ২৮ আগস্ট সিলেটের পিপিকে জরুরি ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ আসার পর তা পিপির দপ্তরে পাঠানো হয়। পিপির দপ্তর থেকে প্রতিবেদন আসার পর তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি প্রতিবেদন অনুযায়ী মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে।ইউপি চেয়ারম্যানের আবেদন-সংবলিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৭ পৃষ্ঠার নথি পাওয়ার কথা নিশ্চিত করেছেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. শামসুল ইসলাম। ধর্ষণের মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে বিবেচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক হয়রানির মামলাগুলো আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করি। কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণে এ মামলাটির বিষয়বস্তু অত্যন্ত স্পর্শকাতর বলে প্রতীয়মান হয়েছে। এর মধ্যে রাজনীতি কেমন করে ঢুকল, এটা আমাদেরও বিস্ময়। আমরা অবশ্যই আইনের বাইরে কিছু করব না।’আতঙ্কে মামলার বাদী: মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে প্রত্যাহারের উদ্যোগে আতঙ্কিত হয়ে পড়েছে ধর্ষণের শিকার মেয়ে ও তার পরিবার। মামলার বাদী মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, মামলা করার পরপর ইউপি চেয়ারম্যান মিছবাহ জামান গা-ঢাকা দেন। কিন্তু তিনি ও তাঁর পক্ষের লোকজন মামলা প্রত্যাহারে বিভিন্ন সময় হুমকি দেন। এর পরও ন্যায়বিচারের আশায় তিনি মামলা প্রত্যাহার করেননি।কান্নাজড়িত কণ্ঠে বাদী বলেন, ‘চেয়ারম্যানের মুখোশ খুলছিল এ ঘটনায়। পুলিশ তদন্ত করে সত্যতাও পাইল। দলের কথায় মামলা উঠি গেলে তো বাঁচা-মরা সমান অইগেল! আমি তো ওই দলরে (আওয়ামী লীগ) সমর্থন করি।’ইউনিয়নবাসী লজ্জিত: চারদলীয় জোট সরকারের আমলে সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা হারিছ চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পরপর দেশ ছাড়েন হারিছ চৌধুরী। কানাইঘাটের একাধিক বাসিন্দা বলেছেন, এলাকায় হারিছ চৌধুরীর নামে বা তাঁর ছত্রচ্ছায়ায় কোনো তৎপরতা নেই। এ অবস্থায় ‘হারিছ চৌধুরীর প্রেতাত্মা’ উল্লেখ করে ইউপি চেয়ারম্যান মিছবাহ জামান ধর্ষণের ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। মিছবাহ জামানের এ ধরনের যুক্তিকে উদ্ভট ও কাল্পনিক বলে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য মিছবাহ জামানের মামলায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। হারিছ চৌধুরী দেশে থাকলে এ ধরনের কথা বললে কিছুটা বিশ্বাসযোগ্যতা পেত। তা ছাড়া মেয়েটির পরিবার তো কোনো রাজনৈতিক আশ্রয়ে নেই।’মনজুর আরও বলেন, ‘অমানবিক ও বর্বর ওই ঘটনার কথা এখনো কেউ ভোলেনি। মিথ্যা বা রাজনৈতিক কারণে মামলা হলে তা মোকাবিলা করার সৎ সাহস তাঁর (মিছবাহ) থাকত। কিন্তু তা না করে ছয়-সাত মাস ধরে তিনি এলাকাছাড়া। তাঁর কর্মকাণ্ডে গোটা ইউনিয়নবাসী লজ্জিত।’ইউপি চেয়ারম্যান জামানের ব্যবহূত দুটো মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। বারহাল ইউনিয়ন পরিষদে তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া। মার্চ মাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বলে জানান মানিক। তবে চেয়ারম্যান মিছবাহর মামলা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।